শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ বাল্য বিয়ে ও নারী নির্যাতনকে লাল কার্ড দেখালো শেরপুরের শ্রীবরদী পৌর শহরের আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর উদ্যোগে ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার ওই বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে “বাল্য বিয়ে ও নারী নির্যাতনকে না বলুন” লেখা ওই লাল কার্ড প্রদর্শন ও শপথ করেন অষ্টম, নবম ও দশম শ্রেণীর ৩শ ছাত্রছাত্রী।
এ উপলক্ষে ওই বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক নুরুজ্জামান বাদল। অনুষ্ঠানে বাল্য বিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতার লক্ষে গণ নাটক ও জারী গান প্রদর্শনসহ নানা কর্মসূচী বাস্তবায়ন করা হয় বলে উল্লেখ করে বক্তব্য দেন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়নের জিএম রুমানা আকতার, এফও শাহী জেবিন ফারা, মানিক মিয়া ও শাহ জামাল প্রমুখ।























