স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে আয়োজিত বৃহৎ সমাবেশে আসা হাজার হাজার মানুষ দু’হাত তুলে সমর্থন জানালেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সদর আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানুকে। ২২ সেপ্টেম্বর শনিবার বিকেলে শহরের খোয়ারপাড় শাপলাচত্ত্বর মোড়ে ঐতিহাসিক ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দুর্নীতির বরপুত্র তারেক জিয়া ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সকল আসামীর ফাঁসির দাবিতে আয়োজিত ওই সমাবেশটি পৌরসভার ৯টি ওয়ার্ড ও সদর উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে মিছিল সহকারে আসা হাজার হাজার দলীয় নেতা-কর্মীর অংশগ্রহণে এক পর্যায়ে উত্তাল আকার ধারণ করে এবং তা সদর আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছানুয়ার হোসেন ছানুর নির্বাচনী শো-ডাউনে রূপ নেয়। সমাবেশে ‘আতিক ছাড়া নৌকা চাই, নৌকার মাঝি ছানু ভাই’ নেতা-কর্মীদের মুহুর্মুহূ স্লোগানে খোয়ারপাড় মোড়সহ আশেপাশের এলাকাকে প্রকম্পিত করে তোলে। ওইসময় ছানুয়ার হোসেন ছানু তার সমালোচনায় হুইপ আতিউর রহমান আতিকের দেওয়া বক্তব্যের জবাব দিয়ে পরিবর্তনের জন্য তার পক্ষে সমর্থন আছে কি না জিজ্ঞাসা করলে দলীয় নেতা-কর্মীসহ হাজার হাজার মানুষ দু’হাত তুলে সমর্থন জানান।
সমাবেশে প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক-১ হুমায়ুন কবীর রুমান আগামী নির্বাচনে দলীয় প্রার্থী পরিবর্তনের যৌক্তিকতা তুলে ধরে বলেন, হুইপ আতিক বিএনপি-জামায়াত জোটের আদলে আওয়ামী লীগের পশ্চিমাঞ্চল ও চরাঞ্চলের ত্যাগী নেতা-কর্মীদের রাজনৈতিকভাবে হত্যার ষড়যন্ত্র করছেন। নিজে দুর্নীতিতে গলধঃকরণ হয়েও অন্যদের সমালোচনা করছেন। কাজেই আগামী নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতা-কর্মীসহ শান্তিপ্রিয় মানুষ পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছে। তারা ছানুয়ার হোসেন ছানুর মনোনয়ন প্রত্যাশা করছেন। অন্যান্য বক্তারাও আগামী জাতীয় নির্বাচনে দলের নেতা-কর্মীসহ সাধারণ মানুষের দাবি-দাওয়ার মূল্যায়নের স্বার্থে সদর আসন থেকে ছানুয়ার হোসেন ছানুকে দলীয় প্রার্থী করতে দলীয় প্রধান শেখ হাসিনার প্রতি প্রত্যাশা ব্যক্ত করেন।
শহর কৃষক লীগের উদ্যোগে আয়োজিত ওই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ আওয়ামী লীগ নেতা এডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ অদু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামছুন্নাহার কামাল, জেলা আওয়ামী লীগের সাবেক সমাজকল্যাণ সম্পাদক তাপস কুমার সাহা, জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান বায়েযীদ হাছান ও পৌর প্যানেল মেয়র তৌহিদুর রহমান বিদ্যুৎ। শহর কৃষক লীগের সভাপতি রুকনুজ্জামান রঞ্জুর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য আব্দুল হান্নান, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন সুরুজ, ইউপি চেয়ারম্যান সেলিম মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি আল হেলাল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাট, জেলা যুব শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাহ আলম, ৮নং পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ শরাফত আলী, ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা শহিদুর রহমান শাহীন, সমাজসেবক আলহাজ্ব নুর মামুদ প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন শহর কৃষক লীগের সাধারণ সম্পাদক হাসানুর রহমান আলাল।























