স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নকলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আব্দুল মোতালেব নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে ২ সহোদরসহ ৩ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ১৭ সেপ্টেম্বর সোমবার বিকেলে শেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেহ উদ্দিন ওই দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার ছত্রকোনা গ্রামের আজগর আলীর ছেলে বেলাল হোসেন (৩৬) ও ওয়াজকরনী (৩৩) এবং সেকান্দর আলীর ছেলে সবুজ (৩৩)। আদালত একইসঙ্গে দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৪ মাসের সশ্রম কারাদণ্ড দেন। মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত আসামি সেকান্দর আলী, আজগর আলী, আন্তাজ আলী, রেজাউল, মিজানুর রহমান, জালাল উদ্দিন ও রাজুকে বেকসুর খালাস প্রদান করেন। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যায় তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়।
আদালতের এপিপি এডভোকেট মঞ্জুরুল ইসলাম রায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন যাবত জমিজমা নিয়ে নকলা উপজেলার ছত্রকোনা গ্রামের হাসমত আলীর ছেলে খোরশেদ আলমের সঙ্গে দ-প্রাপ্ত আসামিদের মামলা-মোকদ্দমা ও বিরোধ চলে আসছিল। এর জের ধরে ২০১০ সালের ২৩ অক্টোবর ভোর সাড়ে ৬ টার দিকে দ-প্রাপ্ত আসামিরা দা, লাঠি, ফালা, হকিস্টিক ও দেশীয় অস্ত্র নিয়ে খোরশেদ আলমের বাড়িতে হামলা করেন। এ সময় হামলাকারীদের প্রতিরোধ করতে গেলে আসামিরা লোহার রড ও হকিস্টিক দিয়ে খোরশেদ আলমের ছোট ভাই আব্দুল মোতালেবকে বেধড়ক মারপিট করেন। এক পর্যায়ে তিনি (মোতালেব) ঘটনাস্থলেই মারা যান। হামলায় আরও ২-৩ জন আহত হন। এ ঘটনায় খোরশেদ আলম বাদী হয়ে নকলা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তশেষে থানার তৎকালিন এসআই অচিন্ত্য দেবনাথ ২০১১ সালের ১৬ মার্চ ১০ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
























