জুবাইদুল ইসলাম, শেরপুর ॥ সীমান্ত সম্পর্ক জোরদারকরণের লক্ষ্যে শেরপুর সীমান্তে বিজিবি-বিএসএফ’র উচ্চ পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১৭ সেপ্টেম্বর সোমবার বিকেলে নালিতাবাড়ী উপজেলার নাকুগাও চেকপোস্ট সীমান্তের ভারতীয় অংশের তুরা জেলার কিল্লাপাড়া ঢালু বিএসএফ ক্যাম্পে আয়োজিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম এনডিসি পিএসসি। ওইসময় তিনি বলেন, এই দুই দেশের সীমান্ত অত্যন্ত শান্তিপূর্ণ। আমাদের দুই বাহিনীর মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে। সেই সম্পর্কের কারণে দুই বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় সীমান্তের মধ্যে শান্তি বিরাজ করছে। সীমান্তে শান্তি বজায় রাখতে দুই দেশের সম্মিলিত প্রচেষ্টা ও সবার সহযোগিতা প্রয়োজন। সীমান্তবর্তী মানুষের প্রতি ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই সীমান্তের জনগণ আমাদের একটি শান্তিপূর্ণ সীমানা রক্ষার জন্য সহযোগিতা করছেন, যার পরিপ্রেক্ষিতেই এ অবস্থায় আসা সম্ভব হয়েছে। আমরা আশা করবো তাদের এই মনোভাব অব্যাহত থাকবে। মতবিনিময় সভার আলোচ্য বিষয় নিয়ে প্রশ্ন করা হলে বিজিবি মহাপরিচালক বলেন, এটি একটি শুভেচ্ছা সফর। দু’দেশের সেনা কর্মকর্তাদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করাই এ বৈঠকের মূল উদ্দেশ্য।
বৈঠককালে বিএসএফ’র প্রতিনিধি হিসেবে সেক্টর কমান্ডার বিজয় থাপলিয়াল, বিজিবির রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আনিসুল ইসলাম, সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল কাজী অনিরুদ্ধ সরকারসহ বিজিবি-বিএসএফ’র উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে বিজিবি মহাপরিচালক মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে কিল্লাপাড়া ক্যাম্পে নির্মিত শহীদ বেদীতে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন।




















