স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে আঞ্জুয়ারা নামে গ্রাম্য ধাত্রীর ভুল চিকিৎসায় রোকসানা আক্তার (৩০) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। ১৬ সেপ্টেম্বর রবিবার রাতে জেলা সদর হাসপাতালে ওই গৃহবধূ মারা যায়। সে নকলা উপজেলার বাদাগৈড় এলাকার সম্্রাট মিয়ার স্ত্রী এবং সদর উপজেলার পূর্ব আলিনাপাড়া গ্রামের খলিলুর রহমানের মেয়ে। মৃত রোকসানার নবজাতক ছেলেটি বেঁচে আছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তৃতীয় সন্তান জন্ম দিতে রোকসানা ১০/১২ দিন আগে আলিনাপাড়া তার বাবার বাড়িতে আসেন। রবিবার রাতে তার প্রসব ব্যথা শুরু হলে পরিবারের লোকজন একই এলাকার মিজানুর রহমান মঞ্জুর স্ত্রী গ্রাম্য ধাত্রী আঞ্জুয়ারা বেগম আঞ্জুকে ডেকে আনেন। পরে রোকসানার একটি ছেলে হয়। সন্তান জন্মের কিছুক্ষণ পর রোকসানার পেট ফোলা দেখে ধাত্রী আঞ্জুয়ারা বেগম প্রসূতির পরিবারের সদস্যদের বলেন, রোকসানার পেটে পানি ও পচাঁ রক্ত জমে আছে। পরে সে রোকসানার পেটে চাপ দিতে থাকেন। ওইসময় রোকসানার রক্ত ক্ষরণ শুরু হয়। ব্যাপক রক্ত ক্ষরণ দেখে পরিবারের সদস্যরা হাসপাতালে নিতে চাইলে আঞ্জু বাধা দিয়ে বলেন, রক্ত বের করতেই পেটে চাপ দিচ্ছি। এটা ভালো লক্ষণ! কিছুক্ষণের মধ্যেই রক্তক্ষরণ বন্ধ হয়ে যাবে বলে সে সান্তনা দেয়। কিন্তু রক্ত পড়তে পড়তে একপর্যায়ে রোকসানা জ্ঞান হারান। অবস্থা বেগতিক দেখে চতুর ধাত্রী আঞ্জুয়ারা ঔষধ আনার কথা বলে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন রোকসানাকে রাত ১১টার দিকে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ধাত্রী আঞ্জুয়ারা বেগম সাংবাদিকদের বলেন, সোমবার সকালে রোকসানার মারা যাওয়ার খবর শুনেছি। আমি তাকে সুস্থ্য রেখে আমার বাড়িতে এসেছি। পরে কি সমস্যা হয়েছে তা আমাকে জানানো হয়নি, তাই আমি আর কিছু বলতে পারব না। ধাত্রীর প্রশিক্ষণ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, তিনি দীর্ঘ দিন ধরে এ কাজ করছেন।
মৃতের বাবা খলিলুর রহমান সাংবাদিকদের বলেন, ধাত্রীর ভুল চিকিৎসায় আমার মেয়ে মারা গেছে। অভিযোগ করলে মেয়েটাকে মর্গে নিয়ে কাটা-ছেড়া করবে। তাই চিন্তা করছি। পরিবারের অন্যান্য সদস্যদের সাথে আলাপ আলোচনা করে তিনি ব্যবস্থা নেবেন বলে জানান।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ঘটনা শুনেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
























