স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা পর্যায়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭)-২০১৮’র উদ্বোধন করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর রবিবার বিকেলে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে দারোগ আলী পৌর পার্কে আয়োজিত ওই টুর্নামেন্টের উদ্বোধন করেন হুইপ আতিউর রহমান আতিক এমপি। জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম ও পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার।
ওইসময় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এজেড মোরশেদ আলী, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক হাকিম বাবুল, বিশিষ্ট শিল্পপতি আনিসুর রহমান, শেরপুর প্রেসক্লাবের বিদায়ী সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলাসহ ৫ উপজেলার ইউএনওগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসএম মডেল স্কুলের অধ্যক্ষ মলয় মোহন বল।
উদ্বোধনী খেলায় নালিতাবাড়ী উপজেলা একাদশ ২-০ গোলে সদর উপজেলা একাদশকে পরাজিত করে। নালিতাবাড়ী উপজেলা একাদশের পক্ষে দু’টি গোলই করেন শাহিনুর রহমান। বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।

























