শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ সড়কের দু’পাশে রঙিন কাগজে সাঁজানো। সামনে গেইট। আঙ্গিনায় সামিয়ানা। ভিতরে অতিথি আপ্যায়নের চেয়ার টেবিল। এসেছে আত্মীয় স্বজন আর প্রতিবেশিরা। মেয়ে সাঁজাতের গায়ে হলুদ আর হাতে মেহেদী দিচ্ছে মেয়েরা। সবাই ব্যস্ত। এ সবই চলছে শেরপুরের শ্রীবরদী উপজেলার ইন্দিলপুর আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীর বিয়ের প্রস্তুতি। রাতে বিয়ে। তার বাবা ওই গ্রামের কৃষক কাশেম আলী ওরফে মুছা মিয়া।
বর পার্শ্ববর্তী ইন্দিলপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে। ৯ সেপ্টেমম্বর রবিবার বিকেলে হটলাইনে খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন তালুকদারের নির্দেশে এসআই শফিক ও কয়েকজন পুলিশ এবং বেসরকারি সংস্থা ইউনিসেফের উপজেলা কোঅর্ডিনেটর সাইফুল ইসলাম, ইউনিয়ন প্রতিনিধি রেহেনা পারভিন ঘটনাস্থলে যান। এ সময় তারা মেয়েটির বয়স নিয়ে কথা বলতেই অভিভাবকরা স্বেচ্ছায় বন্ধ করে দেন বিয়ে। সরিয়ে ফেলা হয় গেইট ও সামিয়ানা। এতে মøান হয় বাড়ির পরিবেশ। তবে ওই স্কুলছাত্রীর অভিভাবকরা জানায়, এটি ছিল তাদের ভুল সিদ্ধান্ত। এখন থেকে ১৮ বছরের নিচে আর কোনো মেয়েকে বিয়ে দিবেনা বলেও প্রতিশ্রুতি দেন। ইউনিয়সেফের উপজেলা কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম বলেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদের নির্দেশে এসেছি। তারা নিজেরা ভুল বুঝতে পেরে বিয়ে বন্ধ করে দেন।
























