স্টাফ রিপোর্টার ॥ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপারের পুরস্কার পেয়েছেন শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। ৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে তার হাতে ওই পুরস্কার তুলে দেন রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. মোঃ আক্কাছ উদ্দিন ভূঁঞা, ময়মনসিংহের পুলিশ সুপার শাহ্ আবিদ হোসেন বিপিএম, নেত্রকোনার পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জামালপুরের পুলিশ সুপার দেলোয়ার হোসেন পিপিএম (বার), রেঞ্জ অফিসের পুলিশ সুপার সৈয়দ হারুন অর রশীদসহ রেঞ্জ ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম বৃহস্পতিবার সন্ধ্যায় শ্যামলবাংলা২৪ডটকমকে বলেন, পুলিশ সুপার হিসেবে শেরপুর আমার প্রথম কর্মস্থল। কাজেই যোগদানের পরপরই স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন দায়িত্বশীল মহলের প্রতিনিধিদের সাথে মতবিনিময়ের মাধ্যমে শহরের যানজট সমস্যা নিরসন, ৩০ লাখ শহীদের স্মরণে বৃক্ষরোপণ ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পদক্ষেপ গ্রহণ করি। আমার নেওয়া পদক্ষেপগুলো সবার সহযোগিতায় বাস্তবায়ন হচ্ছে। মূলতঃ শান্ত ও সুন্দর শেরপুর গড়ার ক্ষেত্রে কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপারের পুরস্কার প্রদানের মাধ্যমে আমার সেই কর্মপ্রচেষ্টার স্বীকৃতি দেওয়ায় এটা আমাকে আরও উদ্দীপনা যোগাবে বলে আশা করি। এজন্য তিনি রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি ও অতিরিক্ত ডিআইজি ড. মোঃ আক্কাছ উদ্দিন ভূঁঞা, শেরপুরের পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিকে রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হওয়ায় কাজী আশরাফুল আজীমকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শেরপুর পুলিশ লাইন্সে জেলা পুলিশের পক্ষ থেকে ওই সংবর্ধনা প্রদান করা হয়। ওইসময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) রেজওয়ান দিপু, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীশ) নাছরিন আক্তার, শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঝিনাইদহের সম্ভ্রান্ত পরিবারের সন্তান কাজী আশরাফুল আজীম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি শেষে ২৪তম বিসিএসে ২০০৫ সালে পুলিশ বিভাগে যোগদান করেন। গত ২৭ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে শেরপুরের পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়। সেই নিয়োগ পেয়ে তিনি গত ৭ জুন নতুন কর্মস্থলে যোগদান করেন। যোগদানের পরপরই শহরের যানজট নিরসনে তার নেওয়া উদ্যোগসহ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে নেওয়া পদক্ষেপ ইতোমধ্যেই সর্বমহলে প্রশংসিত হয়েছে।
























