ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে পাওনা টাকা চাইতে গিয়ে শাহিনুর রহমান সুজন নামে এক ব্যক্তি আহত হয়েছে। ৫ সেপ্টেম্বর বুধবার রাতে ওই ঘটনা ঘটে। সুজন উপজেলার ধানশাইল বাজারের কাপড় ব্যবসায়ী।
স্থানীয় বাসিন্দারা জানায়, কাপড় ব্যবসায়ী সুজন একই গ্রামের মুন্না মিয়ার আত্মীয়ের কাছে পাওনা টাকা চাইতে গেলে এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে সুজন ব্যবসা শেষে রাত ১১টার দিকে বাসায় ফেরার পথে মুন্নার নেতৃত্বে ৫-৬ জন সহযোগী অতর্কিতভাবে তার উপর আক্রমন চালায়। তাদের আক্রমনে সুজন গুরুতরভাবে আহত হয়। হামলাকারীরা আহত সুজনের কাছ থেকে প্রায় ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। পরে স্থানীয় লোকজন মুমূর্ষ অবস্থায় সুজনকে উপজেলা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সুজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ওই ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত মুন্নাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
























