স্টাফ রিপোর্টার ॥ অর্থাভাবে রাজধানী ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের চতুর্থ তলার ৬নং ওয়ার্ডের ২৬ নং বেডে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন দৈনিক যায়যায়দিন পত্রিকার শ্রীবরদী উপজেলা প্রতিনিধি ও স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল শেরপুরটাইমসডটকম’র স্টাফ রিপোর্টার রমেশ সরকার। ২ সেপ্টেম্বর রবিবার ভোরে তাকে শেরপুর থেকে ওই ইনস্টিটিউটে পাঠানোর পরও কেবল আর্থিক সঙ্গতির অভাবে তিনি উপযুক্ত চিকিৎসা গ্রহণ করতে পারছেন না। সোমবার সন্ধ্যা পর্যন্ত তার অবস্থা অপরিবর্তিত রয়েছে।
জানা যায়, সাংবাদিক রমেশ সরকার বেশ কয়েকদিন যাবত বুকের ব্যথার যন্ত্রণায় ভুগছিলেন। শনিবার পরিবারের লোকজন তাকে জেলা সদরে চিকিৎসার জন্য নিয়ে এলে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় তার হার্টে বেশ কয়েকটি ব্লক ধরা পড়ে। পরে স্থানীয় কয়েকজন সাংবাদিকের সহযোগিতায় শনিবার রাতে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে প্রেরণ করা হয়। বর্তমানে তার হার্টের অপারেশন ও রিং পড়ানো প্রয়োজন। কিন্তু ওই অপারেশন ও রিং পড়ানোর জন্য মোটা অংকের অর্থ সংগ্রহ করা তার পরিবারের পক্ষে সম্ভব নয়। তাই তিনি, তার স্ত্রী, পুত্র-কন্যাসহ স্বজনরা চিন্তায় বিপর্যস্ত হয়ে পড়েছেন। ওই অবস্থায় রবিবার দুপুরে শেরপুর প্রেসক্লাবে প্রতিষ্ঠানের সভাপতি রফিকুল ইসলাম আধারের সভাপতিত্বে সাংবাদিকদের এক মতবিনিময় সভায় প্রেসক্লাব ও সাংবাদিকদের তরফ থেকে প্রাথমিক অর্থ সংগ্রহ করা হয়। কিন্তু তাতেও চলছে না প্রয়োজনীয় অর্থের যোগান দেওয়া।
এমতাবস্থায় তার চিকিৎসার ব্যয় নির্বাহে স্থানীয় ও দেশের বিত্তশালীদের সহযোগিতার হাত প্রশস্ত করার আকুতি প্রকাশ করেছেন ওই সাংবাদিকের পরিবারের সদস্যরা। এছাড়া শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার ও সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা এক পৃথক বিবৃতিতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা সাংবাদিক রমেশ সরকারের চিকিৎসা সহায়তায় হাত বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন। আর্থিক সহযোগিতা করার জন্য রমেশ সরকারের বিকাশ নাম্বার (০১৮৩৪-১১৩৪৯৬)।























