স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে চামড়ার বাজার মন্দা থাকায় ক্ষতির মুখে পড়েছে মৌসুমী ব্যবসায়ীরা। সেই সাথে শেরপুরের বিভিন্ন মাদ্রাসার আর্থিক আয়ের অন্যতম উৎস কোরবানীর ঈদে অনুদান হিসেবে পাওয়া চামড়া বিক্রির আয়ও কমে গেছে। এতে এবার আর্থিক সংকটে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে ওইসব প্রতিষ্ঠানের।
জানা যায়, এবার চামড়ার বাজারে মন্দা ভাব থাকায় কয়েকশ’ ক্ষুদে মৌসুমী ও খুচরা চামড়া ব্যবসায়ীর মধ্যে কেউ কেউ লাভবান হলেও অধিকাংশ ব্যবসায়ীর বিপুল অংকের টাকা লোকসান গুণতে হবে। ব্যবসায়ীরা জানান, গত বারের চেয়ে এ বছর রকমভেদে সব ধরনের পশুর চামড়া দ্বিগুণ থেকে তিনগুণ কম দামে কেনাবেচা হয়েছে। ঈদের দিন প্রথমভাগে মৌসুমী ও খুচরা ব্যবসায়ীরা একটু বেশি দামে চামড়া কিনলেও দিনের শেষভাগে চামড়ার দাম ব্যাপকভাবে পড়ে যায়। বিশেষ করে গ্রামাঞ্চলে কিছুটা বেশি দরে চামড়া কেনাবেচা করতে দেখা গেলেও শহর এলাকার অবস্থা ছিল একেবারেই বিপরীত। চামড়ার পাইকারী বাজারে একাধিক ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়, তারা এ বছর কুরবানির গরুর চামড়া প্রতিটি ৫শ’ টাকা থেকে ৭শ’ টাকার মধ্যে কিনছেন।
এদিকে শেরপুরের একাধিক কওমী ও এতিমখানা মাদরাসা শিক্ষকদের সঙ্গে কথা বললে তারা জানান, চামড়ার বাজার ধসের কারণে তাদের প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন। জামিয়া সিদ্দিকীয়া তেরাবাজার মাদ্রাসার মোহতামিম মাওলানা সিদ্দিক আহাম্মেদ বলেন, আমাদের মাদরাসা এলাকাবাসীর অনুদানে চলে থাকে। আর অনুদানের বড় অংশ পেয়ে থাকি চামড়ার দান থেকে। এ বছর আমরা ৩ শতাধিক চামড়া অনুদান হিসেবে পেয়েছি। কিন্তু চামড়ার বাজার মন্দা হওয়ার কারণে এবার প্রতিষ্ঠান আর্থিক সংকটে পড়তে পারে।
উল্লেখ্য, বাণিজ্য মন্ত্রণালয় এ বছর ঈদুল আজহায় লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়া দাম (ঢাকায়) ৪৫ থেকে ৫০ টাকা, ঢাকার বাইরে ৩৫ থেকে ৪০ টাকা, খাসি ১৮ থেকে ২০ টাকা, বকরি ১৩ থেকে ১৫ টাকা নির্ধারণ করে। কিন্তু চামড়া ব্যবসায়ীরা সিন্ডিকেট করে সরকারের নির্ধারিত দামের চেয়ে ২ থেকে ৩ গুণ কমদামে চামড়া ক্রয় করে।
























