নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলায় শখের বশে ঘুমের বড়ি খেয়ে রাব্বিল আল-আমিন (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। ২৩ অাগস্ট বৃহস্পতিবার উপজেলার বারমাইসা গ্রামে ওই ঘটনা ঘটে।
জানা যায়, বারমাইসা পূর্বপাড়া গ্রামের নাজমুল হকের ছেলে রাব্বিল আল আমিন বুধবার রাতে শখের বশে ঘুমের বড়ি খেয়ে ঘুমাতে যায়। পরের দিন বৃহস্পতিবার দুপুরে সে ঘুম থেকে জাগ্রত হয়। তাকে দেরিতে ঘুম থেকে উঠার বিষয়ে জানতে চাইলে বাড়ির লোকজনকে জানায়, সে রাতে ঘুমের বড়ি খেয়েছিল তাই ঘুম থেকে উঠতে পারছিল না। ওই দিন বিকেলে তার শরীর ক্রমশই অসুস্থ হয়ে পড়লে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান আব্দুল হালিম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় নকলা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।























