স্টাফ রিপোর্টার ॥ সরকারি-বেসরকারি বা জনপ্রতিনিধিদের কোনোরকম সহায়তা ছাড়াই অবশেষে এলাকাবাসীর উদ্যোগেই পাকা করা হয়েছে শেরপুরের ঐতিহ্যবাহী দমদমা ঈদগাহ মাঠ। ফলে ২২ আগস্ট বুধবার এবার ওই পাকা মাঠে ঈদুল আজহার নামাজ আদায় করবেন এলাকাবাসী। এতে ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির কর্মকর্তাসহ এলাকাবাসীর মাঝে পৃথক আনন্দও বিরাজ করছে।
জানা যায়, স্বাধীনতা পূর্ববর্তীকালে শেরপুর পৌরসভার দমদমা মহল্লায় প্রতিষ্ঠিত হয় ওই ঈদগাহ মাঠ। এরপর থেকে দীর্ঘদিন ওই এলাকাবাসী কাঁচা মাঠেই ঈদের নামাজ আদায় করে আসছিলেন। পৌরসভা সৃষ্টির পর থেকে ওই এলাকা থেকে কোন জনপ্রতিনিধি নির্বাচিত না হওয়ার কারণে মাঠটির উন্নয়নে কারও নজরও পড়ছিল না। প্রয়াত সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক আশীষের মেয়াদকালে একবার মাঠটির উন্নয়নে কিছু কাজ হলেও তারপর থেকে আর কোনো উন্নয়ন ছোঁয়াই লাগছিল না। ওই অবস্থায় গত প্রায় ৬ বছর আগে মাঠ পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব বর্তায় এলাকার রাজনীতিক,আইনজীবী ও সমাজসেবক রফিকুল ইসলাম আধারের কাঁধে। এরপর থেকে তিনি প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক, ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল্লাহ আল মামুন আব্দুল্লাহসহ অন্যান্য সমাজপতিদের সহযোগিতায় বাউন্ডারী ওয়াল নির্মাণ ও মাটি ভরাটের কাজ করেন। ধাপে ধাপে শুরু করেন নান্দ্যনিক গেটের কাজ। এরই এক পর্যায়ে প্রবাসী জয়নাল হাজারীর সহায়তায় নির্মিত হয় মিম্বর। এবার শুরু করা হয় মাঠের কাতার পাকাকরণের কাজ। এক পর্যায়ে কেবল এলাকাবাসীর সহায়তা নিয়েই মাঠে ৮ থেকে ৬০ ফুট দৈর্ঘ্যের ১৯টি কাতারসহ বাউন্ডারী ওয়ালের সংস্কারের কাজ শেষ করে করা হয়েছে দেয়াল রঙের কাজ। আর এর ফলে কেবল কাতার পাকাকরণ ও অন্যান্য কাজেই ব্যয় হয়েছে প্রায় ৭ লক্ষাধিক টাকা। আর স্থানীয় যুবকদের মধ্যে পল্লীবিদ্যুৎ বিভাগে কর্মরত বিএসসি প্রকৌশলী নুরনবী রুবেলের পরামর্শে দৈনিক এ কাজের দেখভাল করেছেন প্রকৌশলী রবিউল ইসলাম রুবেল ও প্রকৌশলী তারিকুল ইসলাম তারেক। এছাড়া নানাভাবে সহায়তা করেছেন এলাকার মসজিদ, স্কুল-মাদ্রাসা কমিটির অন্যান্য কর্মকর্তাসহ স্থানীয় সমাজপতিরাও।
এদিকে কেবল এলাকাবাসীর উদ্যোগে ঐতিহ্যবাহী দমদমা ঈদগাহ মাঠের উন্নয়ন কাজ শেষ হলেও নান্দ্যনিক গেটের ৬০ ভাগ কাজ এখনও বাকি থাকায় তা বাস্তবায়নে জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান ১ লাখ ও প্যানেল চেয়ারম্যান এডভোকেট ফারহানা পারভীন মুন্নী ৫০ হাজার টাকা অনুদানের ঘোষণা দিয়েছেন।























