ভেজাল মশলা ও নোংরা পরিবেশে খাদ্য তৈরি
স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নালিতাবাড়ীতে ভোক্তা অধিকার আইনে ২ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ৯ আগস্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলার তারাগঞ্জ বাজারে ভোক্তা অধিকার বিভাগের এক অভিযানে ভেজাল গুড়ো মশলা তৈরির দায়ে স্থানীয় বিনিময় রাইস এন্ড ফ্লাওয়ার মিলকে ৫ হাজার টাকা ও নোংরা পরিবেশে খাদ্য তৈরির দায়ে আল আমিন বেকারিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অফিসের সহকারী পরিচালক আরিফুল ইসলামের নেতৃত্বে ভেজাল গুড়ো মশলা তৈরি ও বাজারজাত করার অভিযোগে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নালিতাবাড়ী উপজেলার তারাগঞ্জ বাজারে ৭টি মশলা কারখানায় অভিযান পরিচালিত হয়। ওইসময় স্থানীয় বিনিময় রাইস এন্ড ফ্লাওয়ার মিলে ভাল শুকনো মরিচের সাথে পচা, পোকাযুক্ত, অপরিপক্ক মরিচ মিশিয়ে গুড়ো করে বিক্রির অভিযোগে ওই প্রতিষ্ঠানকে নগদ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে প্রতিষ্ঠানে থাকা কয়েক বস্তা ভেজাল মশলা ধ্বংস করা হয়। ওইসময় অপর ৬টি প্রতিষ্ঠানকে পরিচ্ছন্নতার অভাবে সতর্ক করা হয়। এছাড়া পাশে থাকা আল আমিন বেকারিতে নোংরা পরিবেশে খাদ্য তৈরির অভিযোগে ওই প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। ওইসময় উপজেলা স্যানিটারী পরিদর্শক সুলতান মাহমুদ ও থানার এসআই মুহসীন আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অফিসের সহকারী পরিচালক আরিফুল ইসলাম বলেন, ঈদকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী ভেজাল মশলা ও খাদ্য তৈরিসহ বাজারজাত করে থাকে। এজন্য গোপন সংবাদের ভিত্তিতে ওইসব প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার আইনের আওতায় নিয়মিত অভিযান চলবে।
























