স্টাফ রিপোর্টার ॥ ‘অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা’, ও ‘সবুজে বাঁচি, সবুজ বাঁচাই, নগর-প্রাণ-প্রকৃতি সাজাই’ প্রতিপাদ্যকে ধারণ করে শেরপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা এবং ফলদ বৃক্ষরোপন, জাতীয় ফল প্রদর্শনী পুরস্কার ও সনদ বিতরণের মধ্য দিয়ে সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৮ আগস্ট বুধবার বিকেলে জেলা প্রশাসন, বন অধিদপ্তর ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন।
শেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুন, জেলা খামারবাড়ীর অতিরিক্ত উপ-পরিচালক আব্দুস সাত্তার এবং জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা ড. প্রান্তোষ চন্দ্র রায়।
সহকারি কমিশনার মেজবাউল আলম ভূইয়ার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা প্রমুখ। অনুষ্ঠানে প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে বৃক্ষমেলায় স্থাপিত ৫১টি স্টলের মধ্যে সেরা ৩টি স্টলকে পুরস্কৃত করা হয়।
























