শেরপুরে ইজিবাইক নিয়ন্ত্রণের প্রথম দিনেই যানজটমুক্ত শহর

খবর টি পড়েছেন : ৩৭৯
শেরপুরে ইজিবাইক নিয়ন্ত্রণের প্রথম দিনেই যানজটমুক্ত শহর
পড়ার সময়: ৪ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে যানজট নিরসনে নবাগত পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের নেওয়া উদ্যোগের অংশ হিসেবে প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিক্সার নিয়ন্ত্রণের প্রথম দিনে যানজটমুক্ত ছিল প্রায় পুরো শহর। এতে স্বস্তিতেই যাতায়াত করেছেন শহরের কর্মব্যস্ত মানুষজন। শহরে চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইকের সংখ্যা কমাতে যাত্রীরা অনেকটাই স্বস্তিতে ফিরছেন।
সরেজমিনে দেখা গেছে, শহরের প্রধান সড়ক খোয়ারপাড়-খরমপুর-নিউমার্কেট হয়ে নবীনগর পর্যন্ত ইজিবাইক ও অটোরিক্সার সংখ্যা ছিল পরিমিত। এতে যাত্রী সাধারণ অন্যান্য দিনের তুলনায় অল্প সময়ে তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পেরেছে। অন্যদিকে মুমূর্ষ রোগী বহনকারী অ্যাম্বুলেন্সও খুব কম সময়ে হাসপাতালে যেতে পেরেছে। এর জন্য পৌর এলাকায় চলাচল করা সকল ইজিবাইক-অটোরিক্সাকে সাদা ও কমলা ২ রঙে বিভক্ত করে দেওয়া হয়েছে। শেরপুর পৌর এলাকায় মাসের জোড় দিনে সাদা কালার ও বিজোড় দিনে কমলা কালার ইজিবাইক-অটোরিক্সা একদিন পর পর চলাচল করতে পারবে।
সরেজমিনে গিয়ে কথা হয় শহরের দমদমা এলাকার ইফতেখার হোসেন। তিনি জানান, শহরের যানজট তুলনমূলকভাবে কম থাকায় যাত্রীরা সহজেই গন্তব্যস্থলে পৌঁছতে পারছেন। তিনি জেলা পুলিশ ও পৌরসভার এই উদ্যোগকে স্বাগত জানান। গৌরীপুর এলাকার ইজিবাইক চালক মফিজ মিয়া বলেন, গাড়ির সংখ্যা কমে শহরে যানজট না থাকায় সহজে চলাচল করা যাচ্ছে। জ্যামে পড়ে সময় নষ্ট হচ্ছে না। যাত্রী বেশি থাকায় আয়ও হচ্ছে অন্যান্য দিনের তুলনায় বেশি।
এদিকে ওই ব্যতিক্রমী উদ্যোগের ১ম দিন ১ আগস্ট বুধবার সকালে শহরের নিউমার্কেট, খরমপুর, খোয়ারপাড়, নতুন বাস টার্মিনাল এলাকা পরিদর্শন করেন শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম ও পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। ওইসময় তাদের সাথে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে পৌর মেয়র আলহাজ্ব গোলাম কিবরিয়া লিটন বলেন, যানবাহনগুলোকে একটা নিয়মের মাঝে আনার জন্যই এমন উদ্যোগ এবং সবার সুবিধা বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওইসব বাহন শহরের রাস্তায় চলতে কোনো নিয়ম মানে না। চালকদের কোনো প্রশিক্ষণও নেই। অনেক শিশুও এগুলোর চালক। সুযোগ বুঝে চালকরা অনেক সময় যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়াও আদায় করে। শহরের যানজট ও দুর্ঘটনার জন্য ওইসব ইজিবাইককে এখন সবার আগে দায়ী করা হয়। ওইসব বাহনে কোনো নম্বর না থাকায় দুর্ঘটনার জন্য দায়ী ইজিবাইককে চিহ্নিতও করা যায় না। তাই ওই উদ্যোগের মাধ্যমে তাদের একটা নিয়মের মধ্যে আনা হচ্ছে। আশা করছি পৌরবাসী ওই উদ্যোগের সুফল ভোগ করবেন।
পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম বলেন, এ উদ্যোগটি সফল করা গেলে যানজটের দুর্ভোগ কমে আসবে এবং ইজিবাইক/অটোরিক্সা চালকদেরও আয় বেড়ে যাবে। আমরা কাউকে কষ্ট দেওয়ার জন্য এই উদ্যোগ গ্রহণ করিনি। আমরা চালকদের মাঝে মোটিভেশনাল কার্যক্রমের মধ্যে দিয়ে সচেতনতা সৃষ্টি করে এ সমস্যা সমাধান করতে চাই। আজ প্রথম দিন ছিলো তাই নিয়মভঙ্গকারী ২/১জনকে আমরা আইনগত কোন ব্যবস্থা গ্রহণ না করে উদ্যোগটি সম্পর্কে বুঝিয়ে দিয়েছি যেনো পরবর্তীতে নিয়ম ভঙ্গ না করে।
এদিকে যাত্রীরা বলছেন, শেরপুর শহরে ইজিবাইক এখন সবচেয়ে জনপ্রিয় বাহন। যেখানে রিকশা ভাড়া যায় ২০ টাকা সেখানে এ বাহনে ৫ টাকা দিয়ে যাতায়াত করা যায়। এছাড়া স্বল্প আয়ের মানুষ, স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা এটাকে উপযোগী বাহন মনে করে। তাই এ নিয়মে যেন তাদের কোন ত্যাগ বা কষ্ট করতে না হয়।
উল্লেখ্য, শহরের প্রধান সড়ক ও আশপাশ দিয়ে লাইসেন্সবিহীন অগণিত ইজিবাইক চলাচল করায় ব্যাপক যানজটের সৃষ্টি হতো। ফলে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হতো যাত্রী সাধারণকে। বিষয়টি জেলা আইন-শৃঙ্খলা কমিটির প্রায় প্রতিটি সভার আলোচনাতেই উঠে আসতো গুরুত্ব সহকারে। কিন্তু কাজের কাজ কোনটাই হচ্ছিল না। ওই অবস্থায় নবাগত পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের উদ্যোগে সাড়া দেন পৌর কর্তৃপক্ষসহ স্থানীয় দায়িত্বশীল মহল। আর ওই উদ্যোগকে স্বাগত জানায় সচেতন মহলসহ শহরবাসী।আর ওই উদ্যোগের ধারাবাহিকতায় শহরে যানজট কমাতে ইজিবাইক ২ রঙ করে শহরে একেকদিন একেক রঙ চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্যামলবাংলা২৪ডটকম’র ষষ্ঠ বর্ষে পদার্পণ ॥ বিভিন্ন মহলের শুভেচ্ছা পরবর্তী সংবাদ শেরপুরে ১১ ফার্মেসীতে অভিযান চালিয়ে জরিমানা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads