ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ আবারও ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন ঝিনাইগাতী থানার বিপ্লব কুমার বিশ্বাস। তিনি ওসি হিসেবে দায়িত্ব পালনের এক বছরের মধ্যে এ নিয়ে ২য় বারের মত শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন। ওসি বিপ্লব কুমার বিশ্বাসের কর্মদক্ষতা, স্বচ্ছতা ও সাহসিকতার মাধ্যমে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখাসহ নানাবিধ কারনে এ অধিকার অর্জন করেন।
১৯ জুলাই বৃহস্পতিবার ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি তার কার্যালয়ে ওসি বিপ্লব কুমার বিশ্বাসের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন। ওই সময় শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমসহ পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
শ্রেষ্ঠত্বের সম্মাননা প্রাপ্তির বিষয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস জানান, যে কোন কাজের স্বীকৃতি মানুষকে আরও ভাল কিছু করার জন্য অনুপ্রাণিত করে। আমি মনে করি এ কৃতিত্বের সম্পূর্ণ দাবিদার তারা- যাদের নিয়ে এবং যাদের মাঝে আমি কাজ করি।
উল্লেখ্য, ২০১৭ সালের জুলাই মাসে বিপ্লব কুমার বিশ্বাস ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তিনি সমাজে একজন দক্ষ ও চৌকষ পুলিশ কর্মকর্তা হিসেবে সমাদৃত।
























