স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে দুঃস্থ-অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। ৮ জুন শুক্রবার সদর উপজেলার পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ হায়দার আলীর কন্যা সদ্য এমবিবিএস পাশ করা ডাঃ হালিমা আক্তার তৃপ্তির সৌজন্যে ওই চিকিৎসা সেবার আয়োজন করা হয়। শুক্রবার সকাল ৯টা থেকে দিনব্যাপী স্থানীয় চৈতনখিলা নিজাম উদ্দিন মডেল কলেজ মাঠে প্রায় ২ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও দেড় লাখ টাকার ঔষধ দেওয়া হয়।
ওই মেডিকেল ক্যাম্পে ডাঃ হালিমা আক্তার তৃপ্তিসহ ১২ জন চিকিৎসক পাকুড়িয়া ইউনিয়নসহ পার্শ্ববর্তী ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা দুঃস্থ-অসহায় রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা সেবা প্রদান করেন। অন্যান্য চিকিৎসকরা হচ্ছেন ডাঃ আস্থা দাওয়ারী (নেপাল), ডাঃ সুষমা ভান্ডারী (নেপাল), ডাঃ নিরঞ্জনা থাপা (নেপাল), ডাঃ মোহাম্মদ আলী বাবু, ডাঃ গোলাম রব্বানী, ডাঃ জুঁইপাল, ডাঃ শারমীন আক্তার তাপতী, ডাঃ ইফফাত আরা জুঁই, ডাঃ সালমান রহমান ববি, ডাঃ ইশিতা জাহিদ বন্যা ও ডাঃ সোনিয়া আক্তার তুলি।
এ বিষয়ে আলহাজ্ব মোঃ হায়দার আলী বলেন, তার মেয়ে হালিমা আক্তার একজন ডাক্তার হয়ে দেশের মানুষের সেবা করবে এবং দেশের কল্যাণে কাজ করবে, এটাই তার স্বপ্ন ছিল। আজ তার আশা পূরণ হয়েছে এবং এতে তিনি খুবই খুশি।
ডাঃ হালিমা আক্তার তৃপ্তি বলেন, তার বাবার ইচ্ছানুযায়ী ডাক্তারী পাশ করার পর প্রথম নিজ এলাকার মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রদান করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।























