স্টাফ রিপোর্টার ॥ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ-মোজাফফর) কেন্দ্রিয় সাধারণ সম্পাদক, ঢাকা উইমেন্স কলেজের অধ্যক্ষ, সদ্য স্বীকৃতি পাওয়া মুক্তিযোদ্ধা, প্রবীণ রাজনীতিক এ এফ এম নজরুল মজিদ বেলাল (৬৫) আর নেই। ১৫ মে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি…….রাজিউন)। বুধবার বাদ জোহর উত্তরার ১১ নম্বর সেক্টরের শাহী মসজিদে নামাজে জানাযা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় ১২ নম্বর সেক্টরের কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৮ ভাই, ৩ বোন ও ২ মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন ও শুভাকাক্সক্ষী রেখে গেছেন। তিনি শেরপুর জেলা শহরের কসবা মোল্লাপাড়া এলাকার প্রয়াত আব্দুল মজিদের চতুর্থ ছেলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী ও শেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকনের বড় ভাই ছিলেন।
এদিকে ন্যাপ নেতা বেলালের মৃত্যুতে ১৪ দলের সমন্বয়ক, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, ন্যাপ কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ, হুইপ আতিউর রহমান আতিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, ভারপ্রাপ্ত পৌর মেয়র আতিউর রহমান মিতুল, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, বিপ্লবী রবি নিয়োগী স্মৃতি পরিষদের সভাপতি অধ্যাপক ড. সুধাময় দাসসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।























