নাঈম ইসলাম ॥ কবির ভাষায়, ‘মা কথাটি ছোট্ট অতি, কিন্তু জেনো ভাই/এর চেয়ে নামটি মধুর ত্রিভুবনে নাই।’ পৃথিবীর সবচেয়ে দৃঢ় সম্পর্কের নাম ‘মা’। সবচেয়ে মধুর ও পবিত্র শব্দের নাম ‘মা’। সব প্রিয়গুলোই শুধু মাকে ঘিরেই।
সম্পর্কের বেড়াজাল ছিন্ন করে সবাই দূর পরবাসে মিলতে পারে। চলে যেতে পারে প্রেমাবেগের বন্ধনের প্রিয়তমা প্র্রেয়সীও। কিন্তু মা’র ভালবাসা কখনোই হারাবার নয়, কখনই ছিন্ন হবার নয়। মাকে ভালবাসা আর মায়ের প্রতি হৃদয় নিংড়ানো শ্রদ্ধার বিষয়টি আমাদের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য অনুযায়ী সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে। মায়ের পায়ের নীচে সন্তানের বেহেশত। কবি, সাহিত্যিক, সাধুজনার কাছে মা-ই পরমেশ্বর।
আজ বিশ্ব মা দিবস। মে মাসের দ্বিতীয় রবিবার এ দিবসটি পালন করা হয়। যদিও মাকে ভালবাসার-শ্রদ্ধা জানানোর কোন দিনক্ষণ ঠিক করে হয় না। তবুও মাকে গভীর মমতায় স্মরণ করার দিন আজ। আমার আর লাগবে না, এসবের কি দরকার ছিলা, আমার খিদে নেই, শরীরে কোন সমস্যা নেই, সব মিথ্যে। আর এই মিথ্যের মাঝেই সন্তানের প্রতি মায়ের ভালবাসার উপস্থিতি। জগতে মা’র মতো আপনজন আর কে আছেন! তাই প্রতি বছর এই দিনটি স্মরণ করিয়ে দেয় দুঃখের দরদী, গর্ভধারিণী, মমতাময়ী মায়ের মর্যাদার কথা।
ইতিহাস থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রের আনা জারভিস নামের এক নারী মায়েদের অনুপ্রাণিত করার মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠিকে স্বাস্থ্য সচেতন কওে তুলতে উদ্যোগী হন। ১৯০৫ সালে আনা জারভিস মারা গেলে তার মেয়ে আনা মারিয়া রিভস জারভিস মায়ের কাজকে স্বরণীয় করে রাখার জন্য সচেষ্ট হন। ওই বছর তিনি সানডে স্কুলে মাতৃ দিবস হিসেবে দিনটি পালন করেন। ১৯০৭ সালে এ দিবসের গুরুত্ব স্কুলে আলোচনায় তুলে ধরেন। ১৯১২ সালে তিনি মাদারস ডে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবস প্রচলনের পক্ষে জনমত গড়ে তুলেন জার্ভিস। প্রথমদিকে ওয়েস্ট ভার্জিনিয়ার স্থায়ীভাবে মা দিবসে স্বতঃস্ফূর্ত ছুটি পালিত হতে থাকে। ১৯১৪ সালের ৮ মে মার্কিন কংগ্রেস মে মাসের দ্বিতীয় রোববারকে মা দিবস হিসেবে ঘোষণা করেন। এভাবেই শুরু হয় মা দিবসের প্রচলন।
ধর্মেও মা’র প্রতি সদ্ব্যবহারের সর্বোচ্চ আদেশ দেওয়া হয়েছে। পবিত্র ধর্ম গ্রন্থ আর কুরআনের সূরা লোকমানে মহান আল্লাহ রাব্বুল আলামীন বলেন, তোমার পালনকর্তা আদেশ করছেন যে, তাকে ছাড়া অন্য কারোর ইবাদত করো না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। অন্যান্য ধর্মেও মায়ের প্রতি অনুগত্যের জোর তাগিদ দেওয়া হয়েছে।
মাকে নিয়ে কবিদেরও কবিতার অন্ত নেই। জাতীয় কবি কাজী নজরুলে ইসলামের মা’, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘লুকোচুরি’, কামিনি রায়ের ‘ভালবাসি’, হুমায়ুন আজাদের ‘আমার মা’ কবিতাগুলি বেশ জনপ্রিয়। মাকে নিয়ে জনপ্রিয় গানেরও কবিতার অন্ত নেই।
বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশে মা দিবসের প্রচলন বেশ পুরনো না হলেও বাঙালির মাতৃভক্তির ইতিহাস বহু পুরনো। বিশ্ব মা দিবস উপলক্ষে শেরপুরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।
























