নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ ‘বর্ণিল-বৈচিত্রে সংস্কৃতি বাক্সময়’ এই মূল সুরের উপর ভিত্তি করে শেরপুরের নালিতাবাড়ীর বারমারী ক্যাথলিক খ্রিষ্টান মিশনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কোচ সম্প্রদায়ের বার্ষিক বিহু উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১১ মে শুক্রবার নেত্রকোনা জেলার দুর্গাপুরের বিরিশিরি কালচারাল একাডেমি আয়োজিত ওই বিহু উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান।
কালচারাল একাডেমির পরিচালক শুভ্র চিরানের সভাপতিত্বে ওই উৎসবে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি গোপাল চন্দ্র সরকার ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক আজাদ মিয়া, বারমারী খ্রিষ্ট ধর্মপল্লীর পুরোহিত রেভারেন্ট ফাদার সুনির্মল মৃ, নালিতাবাড়ী ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান মি. লুইস নেংমিঞ্জা, ঝিনাইগাতী উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান মি. নবেশ খকসী, কালচারাল একাডেমির সদস্য বাবু খগেন্দ্র হাজং, সিস্টার লিয়া দ্রং, রুয়েল কোচ, রমেশ চন্দ্র কোচ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কোচ সম্প্রদায়ের বিভিন্ন কৃষ্টি কালচার সংরক্ষণ ও নালিতাবাড়ীতে একটি কালচারাল একাডেমি স্থাপনের দাবি জানান। পরে কোচ সম্প্রদায়ের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ওই অনুষ্ঠানে জেলার সীমান্তবর্তী নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার কোচ সম্প্রদায়ের লোকজন ছাড়াও গারো, হাজং সম্প্রদায়ের লোকজন অংশ গ্রহন করে।
























