স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ও আওয়ামী লীগসহ সমমনাদের সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলের পক্ষে শেরপুরে আইনজীবীদের সাথে গণসংযোগ করেছেন আওয়ামী লীগের সাংসদ এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী। তিনি ১০ মে বৃহস্পতিবার দুপুরে জেলা আইনজীবী সমিতি ও আদালত অঙ্গনে সমন্বয় পরিষদের নির্বাচনী ইশতেহার ও প্যানেল নিয়ে আইনজীবীদের সাথে ওই গণসংযোগ করেন। ওইসময় তিনি আইনজীবীদের কাছে সমন্বয় পরিষদে ভোট দেওয়ার আহবান জানিয়ে বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় আইনের শাসন ও কলুষমুক্ত বিচারাঙ্গণ প্রতিষ্ঠাসহ আইনজীবীদের কল্যাণ নিশ্চিত করতে সমন্বয় পরিষদের কোন বিকল্প নেই। সেইসাথে তিনি সমন্বয় পরিষদের প্যানেলকে যুগপযোগী ও সেরা প্যানেল হিসেবে আখ্যায়িত করে ওই প্যানেলকে জয়যুক্ত করার উপর গুরুত্বারোপ করেন।
সাংসদ এডভোকেট শ্যামলীর সাথে ওই গণসংযোগে অংশ নেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, সাবেক সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবুল মানসুর স্বপন, বর্তমান সহ-সভাপতি এডভোকেট হরিদাস সাহা, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট ইসমাইল হোসেন, সাবেক সহ-সাধারণ সম্পাদক এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী ও এডভোকেট ফারহানা পারভীন মুন্নী, বর্তমান সাহিত্য ও পাঠাগার সম্পাদক এডভোকেট মোঃ খোরশেদ আলম, এডভোকেট হরিদাস কর্মকার স্বপন, এডভোকেট নুরুল ইসলাম তালুকদার, এডভোকেট শিবলু চন্দ্র দাস, এডভোকেট ইয়াসমিন আক্তা্র প্রমুখ।
উল্লেখ্য, আগামী ১৪ মে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সারা দেশের বার সমিতিসমূহে বার কাউন্সিলের ৭টি সাধারণ আসনে ও ৫ টি গ্রুপ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে সমন্বয় পরিষদের ব্যানারে সাধারণ আসনে বার কাউন্সিলের বর্তমান ভাইস-চেয়ারম্যান এডভোকেট আবদুল বাসেত মজুমদারের নেতৃত্বে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়া অন্যরা হচ্ছেন এডভোকেট মোঃ ইউসুফ হোসেন, এডভোকেট সৈয়দ রেজাউর রহমান, এডভোকেট জেড আই খান পান্না, এডভোকেট শ ম রেজাউল করিম, এডভোকেট পরিমল চন্দ্র গুহ, এডভোকেট মোখলেসুর রহমান বাদল। এছাড়া একই প্যানেল থেকে বৃহত্তর ময়মনসিংহ ও ফরিদপুর অঞ্চল নিয়ে গঠিত গ্রুপ বি’তে প্রতিদ্বন্দ্বিতা করছেন এডভোকেট মোঃ কবির উদ্দিন ভুইয়া।
























