স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে খরিপ-১/২০১৮-১৯ মৌসুমে উফশী আউশ ও নেরিকা আউশ উৎপাদন বৃদ্ধির কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ, রাসায়নিক সার এবং আগাছা দমন ও সেচ বাবদ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা বিতরণ করা হয়েছে। ১৯ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও শেরপুর পৌরসভাসহ ১৫টি ইউনিয়নে ৭২০ জন কৃষকের মাঝে ওই বীজ-সার বিতরণ করা হয়।
এ উপলক্ষে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ বায়েযীদ হাছান ও মহিলা ভাইস-চেয়ারম্যান শামীম আরা বেগম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার পিকন কুমার সাহা, অতিরিক্ত কৃষি অফিসার রুবাইয়া বেগম, উপ-সহকারী কৃষি অফিসার আব্দুল মালেক, মনোয়ারা হোসেন ডালিম, জবেদা বেগম প্রমুখ।
কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে ৬শ জন কৃষককে উফশী আউশ আবাদের জন্য প্রতি জনকে ৫ কেজি ধান বীজ, ২০ কেজি ইউরিয়া সার, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার এবং সেচ বাবদ ৫শ টাকা দেয়া হয়। এছাড়াও ১২০ জন কৃষককে নেরিকা আউশ আবাদের জন্য প্রতিজনকে ৫ কেজি ধান বীজ, ২০ কেজি ইউরিয়া সার, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার এবং সেচ ও আগাছা দমনের জন্য প্রত্যেককে ১ হাজার টাকা করে দেয়া হয়।

























