স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ছিনতাইয়ে বাঁধা দেওয়ায় কলেজশিক্ষার্থী রাজ্জাক হত্যার চাঞ্চল্যকর মামলায় নাজমুল (২৫) নামে এক ছিনতাইকারীর ফাঁসি এবং সাজু আহমেদ খোকন (২৩) ও মোঃ মমিন (২১) নামে আরও ২ ছিনতাইকারীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছে আদালত। ১ এপ্রিল রবিবার দুপুরে জনাকীর্ণ আদালতে আসামীদের অনুপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেহ উদ্দিন। দণ্ডিত নাজমুল নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী বুরুঙ্গা পোড়াবাড়ি গ্রামের হাবি রহমানের পুত্র এবং খোকন স্থানীয় মৃত মোহাম্মদ আলীর পুত্র ও মমিন আসকর আলী ওরফে হানিফ দেওয়ানীর পুত্র।
আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ইমাম হোসেন ঠান্ডু জানান, ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি সকালে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীমুড়া নামাপাড়া গ্রামের ছোরহাব আলীর পুত্র কলেজ শিক্ষার্থী আব্দুর রাজ্জাক (২০) তার ৩ বন্ধু একই এলাকার ফারুক, শামীম ও ইমনকে নিয়ে নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কে বেড়াতে যায়। বিকেলে একদল একদল ছিনতাইকারী বন্ধু সেজে তাদের নিয়ে সীমান্তবর্তী বুরুঙ্গা এলাকার ১১০১-১২০০ পিলারের কালাপানি-লালপাহাড় এলাকার একটি টিলাতে নিয়ে যায়। এক পর্যায়ে ছিনতাইকারীরা অস্ত্রের মুখে রাজ্জাকসহ ৪ বন্ধুর কাছে থাকা ৪টি মোবাইল সেট ও নগদ টাকাসহ কিছু মালামাল নিয়ে নেয়। ওইসময় বাঁধার মুখে ছিনতাইকারীরা রাজ্জাকসহ ৪ জনকেই দা ও চাকু দিয়ে উপুর্যপরি কুপিয়ে রক্তাক্ত করে দৌড়ে পালায়। ডাক-চিৎকারে আশেপাশের লোকজনসহ ইকোপার্কে কর্তব্যরত পুলিশ সদস্যরা এগিয়ে গিয়ে গুরুতর অবস্থায় ফারুক, শামীম ও ইমনকে উদ্ধার করলেও রাজ্জাককে খুঁজে পায়নি। পরে ওইদিন রাত ৯টার দিকে পাহাড়ের টিলার নিচ থেকে রাজ্জাকের লাশ পাওয়া যায়। ওই ঘটনায় পরদিন রাজ্জাকের বাবা বাদী হয়ে দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় নালিতাবাড়ী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করলে পুলিশ পর্যায়ক্রমে ছিনতাইকারী নাজমুল, খোকন ও মমিনকে গ্রেফতার করে এবং তাদের হেফাজত থেকে ছিনতাইকৃত আলামত উদ্ধার করে। ওইসময় তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। একই বছরের ৩১ আগস্ট নালিতাবাড়ী থানার এসআই আরিফ হোসাইন ওই ৩ ছিনতাইকারীর বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯৪/৪১১/৩০২/৩৪ ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে আসামীরা উচ্চ আদালত থেকে জামিনে বেরিয়ে গেলেও বিচারিক পর্যায়ে তারা একে একে পলাতক থাকে। মামলায় সংবাদদাতা বাদী, চিকিৎসক, জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেট ও তদন্ত কর্মকর্তাসহ ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। আসামীদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত অ্যাডভোকেট আবুজর গাফফারি পরিচালনা করেন।

























