স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে স্বপন মাহমুদ (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৫ মার্চ রবিবার রাতে শহরের নতুন বাসটার্মিনাল সংলগ্ন মমিন পেট্রোল পাম্পের পার্শ্বে গৌরীপুর সড়ক থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত স্বপন শহরের নৌহাটা মহল্লার জনৈক সাদেক আলী মিস্ত্রীর ছেলে। সে শেরপুর সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে ৯টার দিকে শেরপুর শহরের নতুন বাসটার্মিনাল সংলগ্ন মমিন পেট্রোল পাম্পের পার্শ্বে গৌরীপুর সড়কে কলেজ শিক্ষার্থী স্বপনের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে সদর থানার এসআই বকুল সাহা সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে স্বপনের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। ঘটনাটি কোন যানবাহনজনিত দুর্ঘটনা না হত্যা, তা নিয়ে দেখা দিয়েছে রহস্য। তবে পুলিশের ধারণা, কোন যানবাহনের ধাক্কায় স্বপনের মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, নিহত কলেজ শিক্ষার্থী স্বপনের মৃত্যু রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে পুলিশ।























