নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মহসীন বলেছেন, ড্রাম সিডার প্রযুক্তি ব্যবহারে ধান বপন করলে কৃষকের অর্থ, সময় ও শ্রম সব দিকেই সাশ্রয়ী হয়। পাশাপাশি ফলন ১০% থেকে ১৫% বেশি পাওয়া যায়। ওই প্রযুক্তি ব্যবহার করলে জমিতে তুলনামূলকভাবে আগাছা কম হয় এবং ফলন ১০ থেকে ১৫ দিন আগে পাওয়া যায়। সব ধানের আবাদে এ প্রযুক্তি ব্যবহারে ধান বপন করতে পারলে কৃষক অধিক লাভবান হবেন এবং বাংলাদেশ কৃষি অর্থনীতিতে আরও সমৃদ্ধ হবে। তিনি ২৪ মার্চ শনিবার শেরপুরের নকলা উপজেলার পশ্চিম টালকী এলাকায় ড্রাম সিডারের মাধ্যমে বপনকৃত ব্রিধান-২৮ ও ব্রিধান-৫৮ জাতের ধানক্ষেত পরিদর্শনকালে সাংবাদিক ও স্থানীয় কৃষকদের কাছে ওইসব তথ্য প্রকাশ করেন।
ড্রাম সিডারের মাধ্যমে বপনকৃত ধানের ক্ষেত ছাড়াও সংক্ষিপ্ত ওই সফরে তিনি উপজেলার বিভিন্ন ভার্মি কম্পোস্ট প্রদর্শনী, নকলা ইকোপার্কে জয়ন্তী, বার্মিজ তুলা ও নিম গাছ রোপন করেন। এর আগে পশ্চিম টালকী সমবায় কৃষি সমিতির আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ওইসময় ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আসাদুল্লাহ, শেরপুর খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ আশরাফ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ূন কবীর, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতিকুর রহমান ও বিভিন্ন কৃষি কর্মকর্তা এবং সাথানীয় কৃষক, কৃষানী, রাজনৈতিক নেতা-কর্মীসহ বিভিন্ন পেশা শ্রেণির জনগন উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, নকলা উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা উদ্বুদ্ধ হয়ে চলতি বোরো মৌসুমে কমপক্ষে ২৫ একর জমিতে ড্রাম সিডারের মাধ্যমে ব্রিধান-২৮ ও ব্রিধান-৫৮ জাতের ধান বপন করেছেন। আগামীতে এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ধান বপনের মাত্রা ও পরিমাণ উভয়ই বাড়বে বলে আশা ব্যক্ত করেন কৃষি কর্মকর্তাগণ।

























