স্টাফ রিপোর্টার ॥ বরিশালে ডিবিসি নিউজের ক্যামেরাপার্সন সুমন হাসানকে গোয়েন্দা পুলিশের নির্মম নির্যাতনের প্রতিবাদে শেরপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় সাংবাদিকরা। ১৮ মার্চ রবিবার সকালে জেলা প্রশাসন চত্ত্বরে শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাব ওই কর্মসূচির আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার।
শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ সোহেল রানা’র সভাপতিত্বে ওইসময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সহ-সভাপতি এসএম শহীদুল ইসলাম, কবি সংঘ, শেরপুরের সভাপতি সাংবাদিক তালাত মাহমুদ, কালেরকণ্ঠ ও চ্যানেল আই প্রতিনিধি হাকিম বাবুল, দেশ টিভি প্রতিনিধি রফিক মজিদ, মাছরাঙা টিভি প্রতিনিধি আবুল হাশিম, ৭১ টিভি প্রতিনিধি রেদওয়ানুল হক আবীর, জাহিদুল হক মনির প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি ইমরান হাসান রাব্বী।
ওইসময় বক্তারা বরিশালে ডিবিসি নিউজের ক্যামেরাপার্সন সুমন হাসানকে নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। মানববন্ধনে জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা শাখা, টেলিভিশন সাংবাদিক ফোরাম শেরপুর, সাংবাদিক কল্যাণ সমিতি শেরপুর, সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি শেরপুর জেলা শাখা, রক্তদিন জীবন বাঁচান –রজীবা, কালেরকণ্ঠ শুভসংঘ, শেরপুর গ্র্যাজুয়েট ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ একাত্বতা ঘোষনা করেন। এসময় জেলার বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
























