নকলা উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ॥ ব্যালটে প্রার্থী তালিকা চূড়ান্ত আ’লীগের

খবর টি পড়েছেন : ২৫৫
নকলা উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ॥ ব্যালটে প্রার্থী তালিকা চূড়ান্ত আ’লীগের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আসন্ন উপ-নির্বাচনে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে ব্যালটের মাধ্যমে ভোটের আগেই ভোট করেছে নকলা উপজেলা আওয়ামীলীগ। দলীয় মনোনয়ন প্রত্যাশী ৬ নেতার মধ্যে তৃণমুলের ভোটে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের নিকট প্রেরণের জন্য ৩ জন প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে। এরা হলেন পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুল আলম সোহাগ, সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ বুরহান উদ্দিন ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খলিলুর রহমান। ২৫ ফেব্রুয়ারি চুড়ান্তভাবে মনোনীত তিন জনের নাম কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের নিকট পাঠানো হয়েছে বলে জানান নকলা উপজেলা আ’লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান।
দলীয় সূত্রগুলো জানায়, নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের জন্য দলীয় প্রার্থী মনোনয়নের লক্ষ্যে উপজেলা আ’লীগের এক সভা অনুষ্ঠিত হয়। নকলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত ওই সভায় উপজেলা আ’লীগের ৬৭ সদস্যের মধ্যে দলীয় মনোনয়ন প্রত্যাশী ৬ জনসহ ৬৫ জন উপস্থিত ছিলেন। সভায় ডেলিগেটদের সরাসরি ভোটে ৬ জন প্রার্থীর মধ্যে ৩ জনকে মনোনীত করে তালিকা কেন্দ্রে প্রেরণের সিদ্ধান্ত হয়। সভায় প্রত্যেক ডেলিগেট ৩ প্রার্থীকে গোপন ব্যালটে ভোট প্রদান করেন। ৬ জন প্রাথীর মধ্যে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ৩ জনকে মনোনীত করেন নির্বাচকমন্ডলীরা। এতে পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুল আলম সোহাগ পেয়েছেন ৩৬ ভোট, সাবেক উপজেলা চেয়ারম্যান, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ বুরহান উদ্দিন পেয়েছেন ৩৪ ভোট এবং উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খলিলুর রহমান পেয়েছেন ৩৩ ভোট। এছাড়া উপজেলা আ’লীগের সম্পাদকমন্ডলীর সদস্য মনির হোসেন পেয়েছেন ৩২ ভোট, বর্তমান ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার ২৪ ভোট এবং সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম রেনু পেয়েছেন ১৪ ভোট।
উল্লেখ্য, গত বছরের ২০ অক্টোবর নিজ বসতঘরে নকলা উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা মাহাবুব আলী চৌধুরী ওরফে মনির চৌধুরীর মৃত্যুজনিত কারণে নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদটি শুন্য হয়। আগামী ২৫ মার্চ ভোটগ্রহনের তারিখ নির্ধারণ করে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী ১ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে তরুণ ব্যবসায়ী রাজু হত্যা ॥ গ্রেফতারকৃত ২… পরবর্তী সংবাদ অবশেষে জামিনে মুক্ত হলেন শেরপুর জেলা বিএনপি সাধারণ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads