স্টাফ রিপোর্টার ॥ শুদ্ধভাবে জাতীয় সংগীত গাওয়া প্রতিযোগিতায় শেরপুরে চ্যাম্পিয়ন হয়েছে শেরপুর সরকারি কলেজ। ২৪ ফেব্রুয়ারি শনিবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে ডিসি উদ্যানের ডিজিটাল উদ্ভাবনী মেলামঞ্চে জেলা পর্যায়ের ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা শিল্পকলা একাডেমী, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন সংস্থা ও বাংলাদেশ রবীন্দ্র সঙ্গীত শিল্পী সংস্থার বিচারক প্যানেল জেলার ৫ উপজেলা চ্যাম্পিয়ন ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের দলগুলোর মধ্য থেকে চুড়ান্ত প্রতিযোগী নির্বাচিত করেন। জেলা পর্যায়ে বিজয়ী হিসেবে শেরপুর সরকারি কলেজ দল আগামী ৭ মার্চ ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে আয়োজকরা জানান।
শুদ্ধভাবে জাতীয় সংগীত গাওয়ার ওই প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথির জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। ওইসময় স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক এ.টি.এম জিয়াউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এ.জেড মোরশেদ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, ৫ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।























