শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ পিকনিক থেকে বাড়ী ফিরে যাওয়ার পথে মিনি ট্রাক থেকে পড়ে ছামিউল (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায়। নিহত ছামিউলের বাড়ি শেরপুর সদর উপজেলার পাকুড়িয়ায় এলাকায়। সে স্থানীয় শহীদ মোতালেব স্মৃতি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। পিকনিকে ছামিউলের সঙ্গে আসা অন্যান্যরা নিহত ছামিউলের লাশ শ্রীবরদীর মাটিয়াকুড়া পল্লী বিদ্যুতের পাওয়ার সাব-স্টেশনের কাছে মিনি ট্রাকে রেখে ড্রাইভারসহ পালিয়ে যায়।
জানা যায়, বৃহস্পতিবার সকালে মিনি ট্রাকে করে শেরপুর সদর থানার পাকুড়িয়া এলাকার কিশোররা বকসীগঞ্জ উপজেলার লাউচাপড়া পিকনিক স্পটে যায়। সন্ধ্যায় শ্রীবরদী উপজেলার মাটিয়াকুড়া পল্লী বিদ্যুতের পাওয়ার সাব-স্টেশনের কাছে একটি মিনি ট্রাক অনেকক্ষণ থেকে দাড়িয়ে থাকতে দেখে লোকজনের সন্দেহ হলে ট্রাকে লাশ দেখতে পায়। ওই সময় নিহত ছামিউলের মুখে ও শরীরের বিভিন্ন জায়গায় ধুলো মাটি লেগে ছিল । ধারণা করা হচ্ছে পিকনিক থেকে ফিরে আসার সময় পথে কোথাও মিনি ট্রাক থেকে পড়ে ছামিউলের মৃত্যু হয়।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।























