স্টাফ রিপোর্টার ॥ গ্রাম পুলিশদের জন্য চতুর্থ শ্রেণির কর্মচারীদের ন্যায় বেতন স্কেল ঘোষণার দাবিতে মানববন্ধন করেছে শেরপুরে কর্মরত গ্রাম পুলিশরা। ২১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে জেলা কালেক্টরেট ভবন চত্ত্বরে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন চলে। ওইসময় জেলা গ্রামপুলিশ কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ শাহ জামাল, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সহ-সভাপতি মুকুল হোসেন ও জাবেদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ভুট্টো মিয়া, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিনসহ অন্যান্য গ্রামপুলিশগণ উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের হাতে তুলে দেন তারা।
স্মারকলিপিতে বলা হয়, সরকারের কর্মচারী হওয়া সত্বেও গ্রাম পুলিশদের জন্য কোনো বেতন স্কেল নেই। মাসিক থোক হিসেবে পাওয়া মাত্র ৩ হাজার থেকে ৩ হাজার ৪০০ টাকা ভাতা ছাড়া তাদের কোনো সুযোগ সুবিধা নেই। ফলে গ্রাম পুলিশরা অবহেলিত হয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। মানবিক বিষয়টি বিবেচনা করে অবিলম্বে তাদের জন্য চতুর্থ শ্রেণির কর্মচারীর মতো বেতন স্কেল ঘোষণার দাবি জানান তারা।
























