স্টাফ রিপোর্টার : মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শেরপুরে শহীদ মিনারে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। ওইসময় শহরের চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনারের অভিমুখে সর্বস্তরের মানুষের ঢল নামে। রাত ১২ টায় একুশের প্রথম প্রহরে জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পরে জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার রফিকুল হাসান গনি, জেলা পরিষদের পক্ষ হতে প্রধান নির্বাহী কর্মকর্তা এটিএম জিয়াউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা আওয়ামীলীগ, জেলা বিএনপি, জেলা আইনজীবী সমিতি, শেরপুর প্রেসক্লাবসহ জেলার অন্যান্য সরকারি-বেসরকারি দপ্তরের পক্ষ থেকে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

ওইসময় প্রধান প্রধান রাজনৈতিক সংগঠনগুলোর পাশাপাশি তাদের সহযোগী সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মী ও সংগঠকরা একে একে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন।
এদিকে, অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও শিশু সংগঠন আবৃত্তি, রচনা, সংগীত, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতাসহ জেলা শিল্পকলা একাডেমিতে ভাষা সৈনিকদের সংবর্ধনা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন।
























