নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের মুখোমুখি জনপ্রতিনিধি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি সোমবার বিকেলে উপজেলার নয়াবিল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জনগণের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন ইউপি চেয়ারম্যান ইউনূস আলী দেওয়ান।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটির (সনাক) সহযোগিতায় ও নয়াবিল ইউনিয়ন পরিষদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সনাক সভাপতি জোবায়দা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় সনাক সহ-সভাপতি সদরুল আহসান মাসুম, টিআইবির আঞ্চলিক ব্যবস্থাপক আতিকুর রহমান সুমন, নয়াবিল ইউনিয়ন পরিষদের সদস্য রবিউল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
আন্ধারুপাড়া গ্রামের কৃষক আমির আলী ও জোবেদা খাতুন বলেন, চেয়ারম্যান সাহেবকে সবার সামনে আমাদের গ্রামের সমস্যার কথা বলতে পারছি। তাই এমন অনুষ্ঠান নিয়মিত করা দরকার।
























