স্টাফ রিপোর্টার ॥ যুক্তরাজ্যের বাংলাদেশ দূতাবাসে হামলা করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাংচুরের প্রতিবাদে ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গ্রেফতারের দাবিতে শেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রলীগের বিবদমান দু’গ্রুপ। ১১ ফেব্রুয়ারি রবিবার বিকেলে শহরের রঘুনাথ বাজার থানামোড় থেকে জেলা ছাত্রলীগের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে থানামোড়ে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের স্থগিত হওয়া কমিটির সভাপতি শোয়েব হাসান শাকিল, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন, সহ-সভাপতি বর্ষণ কারুয়া, সাবেক সভাপতি জুনায়েদ নূরানী মনি, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ছায়েদুুল ইসলাম শাওন প্রমুখ।
এদিকে সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাটের নেতৃত্বে এক পৃথক বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে খরমপুর মোড়ে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু।
























