স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলা সদরকে অন্তর্ভুক্ত করে শেরপুরে রেললাইনের দাবিতে ব্যতিক্রমী ‘শতপদী পদযাত্রা’ শেষে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। ৩১ জানুয়ারি বুধবার সকালে শহরের চকবাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বর্ণিল ‘শতপদী পদযাত্রা’ শুরু হয়। নাগরিক সংগঠন জনউদ্যোগ শেরপুর কমিটি আয়োজিত ওই পদযাত্রায় রেললাইনের দাবির সমর্থনে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড সহ নারী-পুরুষ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন। পদযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে কালেক্টরেট চত্বরে গিয়ে প্রধানমন্ত্রী বরাবরে লিখিত স্মারকলিপি জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করে।
পদযাত্রা শুরুর পূর্বে চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনারের জমায়েতে শেরপুর জেলা সদরকে অন্তর্ভুক্ত করে শেরপুরে দ্রুত রেললাইন স্থাপনের দাবিতে সহমত প্রকাশ করে স্থানীয় রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীবৃন্দ বক্তব্য রাখেন। ওইসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. এ.কে.এম রিয়াজুল হাসান, ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, ডা. সেকান্দার আলী কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, জেলা জাসদ সভাপতি মনিরুল ইসলাম লিটন, জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ, জেলা মহিলা পরিষদ সাধারণ সম্পাদিকা লুৎফুন্নাহার, পাতাবাহার খেলাঘর আসর সভাপতি আনিসুর রহমান প্রমুখ। এছাড়া কালেরকণ্ঠ শুভসংঘের সভাপতি শামীম হোসেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, জেলা উদীচীর সাবেক সাধারণ সম্পাদক এসএম আবু হান্নান, কমিউনিস্ট পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক আবু আহমেদ খান বাবুল, কবি তালাত মাহমুদ, বিতার্কিক এমদাদুল হক রিপন প্রমুখ বক্তব্য রাখেন।

ওই শতপদী যাত্রায় শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, জেলা মানবাধিকার কমিশন, কবি সংঘ বাংলাদেশ, জেলা কমিউনিস্ট পার্টি, উদীচী শেরপুর, শেরপুর ডিস্ট্রিক্ট ডিবেট ফেডারেশন, প্রথমআলো বন্ধুসভা, কালেরকণ্ঠ শুভসংঘ, শেরপুর জেলা রক্তদান ও সমাজকল্যাণ সংস্থা, নারী রক্ত দান সংস্থা, রজীবা, নবারুণ পাবলিক স্কুল, স্বেচ্ছাসেবী সংগঠন জনকল্যাণ, সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি শেরপুর জেলা শাখা, এসএসসি ৯৯ ব্যাচ, শ্রীবরদী লোকাল বয়েজ, দূর্বার শ্রীবরর্দী, পরিবেশবাদী সংগঠন পাখি পল্লব, শহীদ মোস্তফা থিয়েটার, সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থা, শেখরাসেল শিশু মঞ্চ, নকলা অসহায় সহায়তা সংস্থাসহ জেলার বিভিন্ন ব্যবসায়িক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একাত্মতা পোষণ করে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, শেরপুরে রেলপথ স্থাপন করার ব্যাপারে ব্রিটিশ সরকার ১৯৩০-এর দশকে প্রথম পরিকল্পনা গ্রহণ করেছিল। পরবর্তীতে ১৯৪৭ খ্রিস্টাব্দে ভারত-পাকিস্তান বিভক্তির পর রেলপথ স্থাপনের বিষয়টি চাপা পড়ে যায়। বাংলাদেশ স্বাধীন হবার পর ১৯৭০ এর দশকের শেষের দিকে তৎকালীন বাংলাদেশ রেলওয়ে পুনরায় জামালপুর-রাংটিয়া ভায়া শেরপুর রেলপথ স্থাপনের সম্ভাব্যতা যাচাই শুরু করে। কিন্তু সেটি আর আলোর মুখ দেখেনি। বর্তমান সরকারের সারাদেশে উন্নয়ন ও রেলপথ সম্প্রসারণ নীতির কারণে ২০১৪ সালের ৮ জুন রেলমন্ত্রী মুজিবুর রহমান পিয়ারপুর থেকে শেরপুরে রেলপথ স্থাপনের ঘোষণা দেন। এজন্য প্রাথমিক সম্ভাব্যতা যাচাই কাজও শুরু হয়। কিন্তু অদ্যাবধি শেরপুরে রেলপথ স্থাপনের অগ্রগতি খুব একটা দৃশ্যমান হয়নি। তাই শেরপুরে রেলপথের দাবিতে এ নাগরিক জাগরণ। সম্ভাবনাময় শেরপুর জেলার পর্যটন শিল্পের বিকাশ, নাকুগাঁও স্থলবন্দর কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যের উন্নয়ন, রাজধানী ঢাকাসহ সারাদেশের সাথে যোগাযোগ ব্যবস্থা সহজতর করার লক্ষ্যে শেরপুরে রেল পরিবহন চালু এখন সময়ের দাবি।
























