স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে এবার দলীয় আয়োজনে জাতীয় সংসদের সাবেক হুইপ, কেন্দ্রীয় বিএনপির সাবেক প্রকাশনা বিষয়ক সম্পাদক ও শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সাবেক সাংসদ আলহাজ্ব জাহেদ আলী চৌধুরীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, জেলা বিএনপির সাবেক সভাপতি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আলহাজ্ব এডভোকেট একেএম ছাইফুল ইসলাম কালামের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৮ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপির উদ্যোগে শহরের রঘুনাথবাজারস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি মাহমুদুল হক রুবেল। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ হযরত আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান একেএম মোখলেসুর রহমান রিপন, বিএনপি নেতা হাতেম আলী, এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, ফজলুল হক লাভলু, এডভোকেট শাহ মোঃ শাহীন হাসান খান, প্রভাষক মামুনুর রশিদ পলাশ, এডভোকেট আব্দুল মান্নান, ফজলুল হক তারা, শহীদুল ইসলাম ভিপি প্রমুখ। স্মরণসভায় জেলা বিএনপি ও ৫ উপজেলাসহ শহর বিএনপির নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, আলহাজ্ব জাহেদ আলী চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে ২০১১ সালের ৪ জানুয়ারি রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। আর বিশিষ্ট সংগঠক ছাইফুল ইসলাম কালাম হার্ট ও ফুসফুসজনিত সমস্যায় দীর্ঘ ১৮ দিন ঢাকার একটি ক্লিনিকে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ২০১৩ সালের ১৬ জানুয়ারি মারা যান।
























