স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ‘পাখি পল্লব’ নামে স্থানীয় পরিবেশবাদী সংগঠনের সহায়তায় দুরন্ত এক ছেলের হাত থেকে রক্ষা পেল প্রায় দূর্লভ প্রজাতির আহত এক লক্ষ্মীপেঁচা। শনিবার সদর উপজেলার প্রত্যন্ত পল্লী চরজঙ্গলদী থেকে ওই লক্ষ্মীপেঁচাটি উদ্ধার করা হয়। বর্তমানে পাখিটি মোটামুটি সুস্থ থাকলেও ভালো করে উড়তে পারে না। রবিবার লক্ষ্মীপেঁচাটিকে বনবিভাগের কাছে হস্তান্তর করা হবে।
জানা যায়, সদর উপজেলার চর জঙ্গলদী গ্রামের আল আমিন নামে একজন নবম শ্রেণির ছাত্র কয়েকদিন আগে বাড়ির পাশে গাছে দূর্লভ প্রজাতির লক্ষ্মীপেঁচাটি দেখতে পেয়ে সেটিকে ধরে ফেলে। ওইসময় পাখিটি ঠোঁটের ওপরে এবং ডানায় গুরুতর আঘাত পায়। পরে পাখিটির পায়ে নাইলনের দড়ি দিয়ে বেঁধে রাখে। ফলে তার পায়েও ক্ষত হয়ে যায়। সেই সাথে খাবার ও চিকিৎসার অভাবে পাখিটি অসুস্থ হয়ে পড়ে। শনিবার রাস্তার অদূরে বাঁধা অবস্থায় পাখিটি দেখতে পেয়ে পরিবেশবাদী ওই দলটি ছেলেটির বাড়িতে গিয়ে তাকে বন্যপ্রাণী আইন সংরক্ষণ সম্পর্কে ধারণা দিয়ে ও বুঝিয়ে সেটিকে তাদের হেফাজতে নেয়। পরে তারা স্থানীয় প্রাণীসম্পদ হাসপাতালে নিয়ে তার প্রাথমিক চিকিৎসা করায়।
এ ব্যাপারে সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ শাহজাদা ভুইয়া জানান, অদ্ভুত সুন্দর দেখতে পাখিটি খুব বেশী দেখা যায় না। বিলুপ্তপ্রায় পাখিটির নাম লক্ষ্মী পেঁচা (BARM OWL)। বৈজ্ঞানিক নাম TYTO ALLOO. এক সময় দেশে প্রচুর দেখা যেত। কিন্তু নগরায়ন, অপরিকল্পিত শিল্পায়ন ও বনাঞ্চল ধ্বংসের কারণে এরা এখন বিলুপ্তপ্রায়। পেঁচা জাতিদের মধ্যে সবচে সুন্দরতম হলো লক্ষ্মী পেঁচা। যার মুখ ধবধবে সাদা। সোনালী পালকের মাঝে ছোপ ছোপ দাগ। মুখে হৃদয় বা ভালোবাসার আকৃতির চিহ্ন। সন্ধ্যা কিংবা রাতে ওই পাখির ডাক শোনা যায়। গুরুগম্ভীর ডাক শুনে অনেকেই পেঁচাকে অশুভ প্রতীক বলে মনে করেন। কোনো কোনো অঞ্চলে পেঁচা ডাকলে ঘরে ওঠার সিঁড়িতে জল ঢেলে দেওয়া হয়। তাদের বিশ্বাস, এতে সব ধরনের অকল্যাণ থেকে মুক্তি পাওয়া যায়। আসলে পেঁচা কোনো অশুভ পাখি নয়। অনেক সম্প্রদায় যেমন মান্দি, হাজং, গারোদের কাছে পেঁচা অনেকটা পূজনীয় পাখি। সনাতন ধর্মাবলম্বীদের কাছে লক্ষ্মীর বাহন হিসেবে লক্ষ্মী পেঁচাকে শুভ শক্তির প্রতীক হিসেবেই দেখা হয়।
লক্ষ্মী পেঁচা আমাদের স্থানীয় পাখি। পেঁচা গোষ্ঠী বিশ্ব বিস্তৃত হলেও অধিকাংশই আবাসিক। পৃথিবীতে এ প্রজাতির সংখ্যা ৮০টি। উপমহাদেশে ২০টি প্রজাতির মধ্যে কমবেশি ১৮টি প্রজাতি আমাদের দেশে দেখা মেলে। তার মধ্যে লক্ষ্মী পেঁচা, ভূতুম পেঁচা, খুরলে পেঁচা ও কুটরে পেঁচা এ ৪ গোত্রে ভাগ করা হয়। মানুষ যেমন পূর্ণচন্দ্রালোকে দেখতে পায়, পেঁচাও তেমনি নক্ষত্রের আলোতে দেখতে পায়। পেঁচা নিশাচর পাখি। পেঁচার চোখ শুধুই বড় নয়, এদের আছে বিশেষ ধরনের রেটিনা। যার ফলে গভীর অন্ধকার রাতে এরা দেখতে পায়। শিকারি পাখির মতো এদের চোখ দু’টি সামনে হওয়াতে এরা অনেক দূর পর্যন্ত স্পষ্ট দেখতে পায়। কিন্তু পাশে দেখার জন্য পেঁচাকে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হয়। এ ছাড়া মাথা কাত করে পেঁচা উপরে নিচে দৃষ্টি নিক্ষেপ করতে পারে। একটু খেয়াল করলে দেখা যায়, যখন আপনি পেঁচার দিকে তাকাবেন, দেখবেন, সে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাকে ভয় দেখাচ্ছে। এরা সাধারণত দিনের বেলা বের হয় না। অন্ধকার স্থানে চুপচাপ নিজেকে আড়াল করে বসে থাকে। সন্ধ্যার সাথে সাথে খাবারের সন্ধানে বেড়িয়ে পড়ে। শীতের প্রারম্ভে এরা বাসা বাঁধে। ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ৫/৭টি ডিম দেয়। ডিমের রঙ সাদা ও গোলাকার। বছরে দুবার ডিম দেয়। দু’জনে পালা করে ডিমে তা দেয়। দিনের বেলা অনেক সময় এক সঙ্গে ডিমে বসে তা দেয়। ডিম ফোটে ৩০-৩৫ দিনে। ছানারা উড়তে ৫০-৫২ দিন সময় লাগে। আরও ৩০-৩৫ দিন মা বাবার সাথে থাকে, তারপর আলাদা হয়ে পড়ে। নতুন উড়তে শেখা ছানারা একটু বোকা প্রকৃতির। মানুষ, কাক, চিল ও অন্যান্য পাখির কবলে পড়ে যায়। পেঁচারদের মূল খাদ্য ইঁদুর। এছাড়া কাঠবিড়াল, ছোট সাপ, ব্যাঙ, কাঁকড়া, ছোট পাখি, চামচিকা লক্ষ্মী পেঁচার পছন্দ। তবে ধেনো ইঁদুর এদের খুব পছন্দ ও প্রিয় খাবার। তাই এরা কৃষকের পরম বন্ধুও বটে।
























