রেজাউল করিম বকুল, শ্রীবরদী (শেরপুর) ॥ শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্ত সড়কের কর্ণঝোড়া ব্রিজ এখন মরণ ফাঁদ। ব্রিজের এক পাশে চলাচলের কিছু অংশ ভেঙে পড়েছে। এতে সৃষ্টি হয়েছে বিশাল গর্তের। যেটি একবারে পড়ে যাবে ব্রিজের নিচে নদীতে। ওই ব্রিজের ওপর দিয়ে যানবাহন চলাচল করছে মারাত্মক ঝুঁকি নিয়ে। ভারি যানবাহনগুলোর জন্যে সেটি আরও বিপজ্জনক। সামান্য অসতর্কতায় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তবে দীর্ঘদিন যাবত ওই পরিস্থিতি থাকলেও আজও পড়েনি প্রশাসনের নজরে। ব্রিজের মেরামতসহ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থার দাবি তুলেছেন এলাকাবাসী। সম্প্রতি সরেজমিন গেলে ওঠে আসে এমন তথ্য।
স্থানীয় লোকজন জানায়, কয়েক বছর আগে নির্মিত হয়েছে সীমান্ত সড়কের কর্ণঝোড়া ঢেউপা নদীর ওপর ওই ব্রিজটি। এরপর পাকা করণ হলো সীমান্ত সড়ক। যেটি নাকি উন্নয়নের এটি একটি দৃশ্যমান। ইউনিয়ন জাসদ নেতা আজাদ মিয়া বলেন, এটি একটি পর্যটন এলাকা। এ সড়কে প্রতিদিন শতশত গাড়ি চলাচল করে। যেভাবে ব্রিজের চলাচলের একাংশ ভেঙে পড়েছে তা অবশ্যই ঝুঁিকপূর্ণ। সিংগাবরনা ইউপি চেয়ারম্যান আব্দুর রেজ্জাক মজনু বলেন, এটি বর্ডার সড়ক। ওই সড়কটি এখন খুবই গুরুত্বপূর্ণ। ব্রিজে কোনো দুর্ঘটনা হলে বন্ধ হবে সীমান্ত সড়কের চলাচল। এ জন্য এটি দ্রুতই মেরামত করা প্রয়োজন। তিনি জানান, এ ব্যাপারে তিনি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করবেন। তবে ব্রিজটি দ্রুত মেরামত হবে এমনটাই প্রত্যাশা করছেন যানবাহন চালক ও এলাকাবাসী।
























