স্টাফ রিপোর্টার ॥ পৌরসভায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাদি সরকারের কেন্দ্রীয় কোষাগার থেকে প্রদানের দাবিতে শেরপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা ১৫ জানুয়ারি সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন। ওই সময় পৌরসভার সকল কার্যক্রম বন্ধ ছিল। এতে পৌরবাসীরা দুর্ভোগ ও বিপাকে পড়েন। পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন, শেরপুর জেলা শাখার আহবানে ২ দিনব্যাপী ওই কর্ম বিরতি পালিত হচ্ছে।
কর্মবিরতি পালনকালে সংগঠনের সভাপতি আবু লায়েছ মোঃ বজলুল করিম ও সাধারণ সম্পাদক মোঃ মুসলিম উদ্দিন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী দেওয়ান রেজাউল করিম, সহকারী প্রকৌশলী মোঃ খোরশেদ আলম, হিসাবরক্ষক হাছান মাহমুদ সেলিম আলম, কর নির্ধারক শাহ মুহাম্মদ তারেক, সার্ভেয়ার মোঃ আব্দুল মান্নান, শেরপুর পৌর কর্মকর্তা-কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক রফিকুজ্জামান ঝন্টু, সহ-সভাপতি নুর-ই-আলম চঞ্চলসহ সকল কর্মকর্তা-কর্মচারি পৌর ভবনের সামনে অবস্থান করেন। একইভাবে জেলার নালিতাবাড়ী, নকলা ও শ্রীবরদী পৌরসভাতেও ওই কর্মবিরতি পালিত হয়।
সমাবেশে সংগঠনের সভাপতি আবু লায়েছ মোঃ বজলুল করিম বলেন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা প্রজাতন্ত্রের অন্যান্য কর্মচারীর তুলনায় বেতনসহ অন্যান্য আর্থিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন ও মানবেতর জীবন যাপন করছেন। পৌরসভায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাদি সরকারের কেন্দ্রীয় কোষাগার থেকে প্রদানের জন্য প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন জানিয়ে তিনি বলেন, অন্যথায় দাবি আদায়ে কঠোর কর্মসূচি প্রদান করা হবে।
























