স্টাফ রিপোর্টার ॥ এবার শেরপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ১৭ জুয়ারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। ১৪ জানুয়ারি রবিবার দিন থেকে রাত পর্যন্ত শেরপুর সদর, শ্রীবরদী ও ঝিনাইগাতী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সোমবার মাদক ও জুয়া আইনের পৃথক মামলায় তাদের আদালতে সোপর্দ করা হয়।
জানা যায়, রবিবার দিন থেকে রাত পর্যন্ত পৃথক অভিযানে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের পয়স্তিরচর গ্রাম থেকে পার্শ্ববর্তী মেলান্দহ উপজেলার উত্তর বালুচর গ্রামের মমিন মিয়ার ছেলে সোলাইমান (২৫) কে ২২ পিস ইয়াবাসহ, শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়া এলাকার শেখ ফরিদের ছেলে মনির (২০) কে ২শ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। এছাড়া জুয়া খেলা অবস্থায় শ্রীবরদী উপজেলায় আব্দুল হাকিম (১৯), ইয়ানুছ (৪০), মহির উদ্দিন (৩৫), সোহেল মিয়া (৩৫), আজাহার আলী (৪৫), আরজু মিয়া (৪৫) আঃ হাকিম (২৬) ও শাহ আলী (৩২), ঝিনাইগাতী উপজেলায় বকুল মিয়া (৪৫) ও আব্দুল রাজ্জাক (৪০) এবং সদর উপজেলার দিঘারপাড় এলাকা থেকে মনিব আলী (৬০), মাহফুজ আলী (৪০), বিহাড়ী (৪৫), বিল্লাল (৪৫), আক্কাছ আলী (৫০), ফারুক (৪০) ও আবুল কালাম (৪০) কে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে শেরপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নওজেস আলী মিয়া বলেন, মাদকসেবী, ব্যবসায়ী ও জুয়ারীদের বিরুদ্ধে ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
























