স্টাফ রিপোর্টার ॥ সারাদেশের ন্যায় শেরপুরে আয়োজিত ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা বেশ জমে উঠেছে। কনকনে শীতের মাঝেও প্রতিদিন সকাল থেকে রাত অবধি বাহারি স্টলগুলোতে দেখা যাচ্ছে ক্রেতা ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। মেলায় কেনাকাটাও হচ্ছে ঢের।
শনিবার দুপুরে মেলা ঘুরে দেখা যায়, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ সরকারি-বেসরকারিসহ ব্যক্তি উদ্যোগে নেওয়া স্টলগুলোতে মোটামুটি দর্শনার্থী ও সেবাগ্রহীতাদের ভিড় লেগেই আছে। সড়ক ও জনপথ এবং কৃষি বিভাগের স্টলে আধুনিক প্রযুক্তির সমাহার দেখছেন অনেকেই তাক লেগে। কেনাকাটায় নারীদের ভিড় জমেছে অনন্যা বুটিক হাউজ ও আরডিএস এর হস্তশিল্প স্টলে। এছাড়া অনেকেই জেলা ব্র্যান্ডিংয়ের অন্যতম প্রধান উপাত্ত সুগন্ধি তুলসীমালার প্যাকেট কিনছেন জে এন্ড এস গ্রুপের স্টল থেকে। অন্যান্যবারের মতো এবারও মেলায় স্থান হয়েছে ভুট্টা রফিকের স্টলের। ভুট্টার তৈরি বড়া, গুলগুলিসহ মজাদার খাবার মিলছে ওই স্টলে। এছাড়া শীতের বাহারি পিঠাও পাওয়া যাচ্ছে ভুট্টা রফিকের পাশের স্টলে। পর্যবেক্ষকদের মতে, এবারের উন্নয়ন মেলার মধ্য দিয়ে জেলায় বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন নানা উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে মৌলিক ধারণা পাওয়া যাচ্ছে। তাদের মতে, জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তাগণ এবারের মেলা সফল করতে যেভাবে কাজ করেছেন, শীতের প্রকোপ না বাড়লে মেলা আরও সফলতা বয়ে আনতো।
জেলা পর্যায়ে এবারের তৃতীয় উন্নয়ন মেলা বসেছে জেলা কালেক্টরেট উদ্যান চত্ত্বরে। ১১ জানুয়ারি বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে উন্নয়ন মেলার উদ্বোধন ঘোষণা করেন। এরপর ফিতা কেটে এ মেলার সরাসরি উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি। পরে ‘বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবেও বক্তব্য রাখেন হুইপ আতিউর রহমান আতিক এমপি। দ্বিতীয় পর্বে ‘ডিজিটাল বাংলাদেশ ও প্রাসঙ্গিক ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএডিসির চেয়ারম্যান মোঃ নাসিরুজ্জামান। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম রিয়াজুল হাসান। দু’টি সেমিনারেই সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। বিকেলে কবিতা পাঠের আসর ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলায় শুরু হয় মানুষের ভিড়।
দ্বিতীয় দিনে ১২ জানুয়ারি শুক্রবার সকালে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে উপস্থিত বক্তৃতা ও গল্প বলা এবং বিভিন্ন ক্ষেত্রে পারদর্শী ব্যক্তিদের জীবনগাঁথা নিয়ে অনুষ্ঠানে সৃষ্টি হয় বিশেষ বৈচিত্র্য। এতে অভিভূত হয়ে পড়েন আগত দর্শক-শ্রোতারা। এদিন আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) আনোয়ারুল ইসলাম সিকদার এনডিসি।
সমাপণী দিনে থাকছে ‘এসডিজি বাস্তবায়নে সমস্যা ও সম্ভাবনা- প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা’ শীর্ষক সেমিনার, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। সবশেষে রয়েছে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ‘আমরা করবো জয়’।
























