স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নে ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচনের ২ দিন আগে খন্দকার কবীর হোসেন (৪০) নামে এক প্রার্থী নিখোঁজের ঘটনায় সদর থানায় মামলা দায়ের হয়েছে। ২৭ ডিসেম্বর বুধবার সকালে নিখোঁজ প্রার্থীর স্ত্রী জহুরা বেগম বাদী হয়ে অপহরণ ও গুমের অভিযোগে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাসুদ রানা কোহিনুরসহ ৮ জনকে আসামী করে ওই মামলা দায়ের করেন। তবে সন্ধ্যা পর্যন্ত থানায় ওই মামলাটি রেকর্ড হয়নি। সেইসাথে গ্রেফতার হয়নি কোন আসামী। অন্যদিকে প্রতিদ্ব¦ন্দ্বী ৪ প্রার্থীর মধ্যে একজন নিখোঁজ থাকার পরও বৃহস্পতিবার ওই উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
জানা যায়, সোমবার রাতে পাশের এলাকা পশ্চিম দড়িপাড়া থেকে নির্বাচনী সভা শেষে বাড়ি ফেরার পর কবীর নিখোঁজ হন। পরদিন সকালে দড়িপাড়া রাস্তার ওপর পরিত্যক্ত অবস্থায় ওই প্রার্থীর মোটরসাইকেল উদ্ধার করা হয়। এছাড়া সেখানে কয়েক ফোঁটা রক্তের চিহ্নও দেখা যায়। নিখোঁজ প্রার্থী খন্দকার কবীর হোসেন সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের দড়িপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে এবং ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, উপ-নির্বাচনের এক মেম্বার প্রার্থী নিখোঁজ থাকায় তার স্ত্রী জহুরা বেগম প্রতিদ্বন্দ্বী অপর এক মেম্বার প্রার্থীসহ কয়েকজনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনার বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ২৮ ডিসেম্বর ওই ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।























