স্টাফ রিপোর্টার ॥ অতিরিক্ত পুলিশ সুপার থেকে পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়েছেন শেরপুরের শ্রীবরদী উপজেলার মোঃ শহিদুল্লাহ পিপিএম। তবে ২৬ ডিসেম্বর মঙ্গলবার পর্যন্ত তার নতুন কর্মস্থল জানা যায়নি। শিক্ষাজীবনে ধাপে ধাপে কৃতিত্বের পাশাপাশি কর্মজীবনেও সততা, নিষ্ঠা ও সাহসিকতার পরিচয় দিয়ে আসা পুলিশ কর্মকর্তা মোঃ শহিদুল্লাহ পদোন্নতির বিষয়ে মঙ্গলবার রাতে শ্যামলবাংলা২৪ডটকমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তার কর্মজীবনের বাকিটা সময়ও দেশ ও জাতির স্বার্থে সঠিকভাবে দায়িত্ব পালন করে যাওয়ার জন্য শেরপুরবাসীসহ সকলের দোয়া প্রার্থনা করেছেন।
জানা যায়, ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া ৯৬ জনের তালিকায় রয়েছেন শহিদ। ১৭ ডিসেম্বর রবিবার পুলিশ হেডকোয়াটার্স মিলনায়তনে শহিদুল্লাহকে পুলিশ সুপারের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন আইজিপি একেএম শহীদুল হক ও ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। ওইসময় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোখলেসুর রহমান পান্নাসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
শহিদুল্লাহ শ্রীবরদী উপজেলার তাতিহাটি ইউনিয়নের ছনকান্দা গ্রামের ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত পরিবারের সদস্য। তিনি মরহুম মোশারফ হোসেন মাস্টার ও রাবেদা খাতুনের ৩ ছেলের মধ্যে সর্বকনিষ্ঠ। বড় ভাই আমান উল্লাহ হেলাল পেশায় শিক্ষক ও মেজো ভাই প্রভাষক আসাদুল্লাহ বেলাল স্থানীয় তাতিহাটি ইউনিয়নের চেয়ারম্যান।
তিনি ১৯৮৯ সালে শ্রীবরদী আকবরিয়া পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৯১ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি ও পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটি থেকে লোক প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। এরপর ২৪তম বিসিএসে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে তিনি ডিএমপির ভারপ্রাপ্ত ডিসি (সাউথ) হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। কর্তব্য পালনে নিষ্ঠা ও সাহসিকতার কারণে ২০০৯ সালে তিনি পিপিএম পদক লাভ করেন। ব্যক্তিগত জীবনে তিনি একজন কৃতি টেনিস খেলোয়াড়। ২০১৬ ও ২০১৭ সালে টানা দু’বার তিনি পুলিশের লং টেনিসে চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি ২ ছেলে সন্তানের জনক।
অভিনন্দন : শেরপুরের ছেলে মোঃ শহিদুল্লাহ পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, শেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা ইউপি চেয়ারম্যান ফোরামের সভাপতি রফিকুল ইসলাম, শ্যামলবাংলা২৪ডটকম’র উপদেষ্টা সম্পাদক সোলাইমান খান মজনু ও নির্বাহী সম্পাদক মোহাম্মদ জুবায়ের রহমানসহ বিভিন্ন মহল।
উল্লেখ্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একই প্রজ্ঞাপনে পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়েছেন শেরপুরের নালিতাবাড়ীর মেয়ে ফাতিহা ইয়াসমিন ডলি।























