স্টাফ রিপোর্টার ॥ ‘পরিকল্পিত পরিবার গড়ি, মাতৃমৃত্যু রোধ করি’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ২৪ ডিসেম্বর রবিবার দুপুরে জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। ওইসময় তিনি পরিকল্পিত পরিবার গড়তে বাল্যবিবাহ রোধ, জন্মনিয়ন্ত্রণমূলক পদ্ধতি ব্যবহারের পাশাপাশি অন্যান্য দিক দিয়েও সচেতনতা সৃষ্টি করতে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও মাঠ পর্যায়ের কর্মীদের দায়িত্বশীলতার উপর গুরুত্বারোপ করেন।
পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ পীযুষ চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে আয়োজিত ওই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ রেজাউল করিম। সদর উপজেলা পঃ পঃ কর্মকর্তা হুমায়ুন কবির তালুকদারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, মাতৃসদনের তত্ত্বাবধায়ক ডাঃ মোস্তাফিজুর রহমান, মেডিকেল অফিসার উম্মে মাহবুবা মরিয়ম, সূর্যের হাসি ক্লিনিকের ব্যবস্থাপক তবিবর রহমান, সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য, পরিদর্শক সাজ্জাদ হোসেন প্রমুখ।
উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত পরিবার কল্যাণ সেবা প্রচার সপ্তাহ পালিত হবে।























