ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সরকারি খাস জমিতে গড়ে তোলা ও নির্মাণাধীন ৭ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সেইসাথে ওই অভিযানে উদ্ধার করা হয়েছে প্রায় ৯১ শতক সরকারি খাস জমি। ১৯ ডিসেম্বর মঙ্গলবার ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা করিমের উপস্থিতিতে দিনব্যাপী ওই অভিযান পরিচালনা করেন জেলা কালেক্টরেটের আরডিসি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদুর রহমান মামুন। ওই অভিযানের মাধ্যমে মূল্যবান সরকারি সম্পত্তি উদ্ধার হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে স্থানীয় সচেতন মহল।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ ইনছান আলী ওই তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে ঝিনাইগাতী বাজারের গরুহাটি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ৬ শতাংশ সরকারি খাস জমি উদ্ধারসহ কৃষি ব্যাংকের সামনে থাকা সড়ক ও জনপথের জায়গায় গড়ে তোলা একটি ছাপড়া ঘর উচ্ছেদ করা হয়। পরে বিকেলে নয়া রাংটিয়া মোড় সংলগ্ন গজনী রাস্তার পাশে গড়ে তোলা ৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ৮৫ শতক সরকারি খাস জমি উদ্ধার করা হয়।
উল্লেখ্য, প্রায় ৮/১০ বছর যাবত ঝিনাইগাতী বাজারের ১নং খাস খতিয়ানভুক্ত গরুহাটি এলাকার ৬ শতাংশ ভূমিতে স্থানীয় আব্দুল মান্নান, রহিলা ও জুলেখা নামে ৩ ব্যক্তি জবর দখল করে সেখানে অবৈধ স্থাপনা নির্মাণ করে বসবাস করে আসছিল। এছাড়া নয়া রাংটিয়া মোড় সংলগ্ন গজনী রাস্তার প্রায় ৮৫ শতাংশ খাস জমি দখল করে সেখানে গড়ে তোলা হয়েছিল আরও ৩টি অবৈধ স্থাপনা। ওইসব অবৈধ স্থাপনা অপসারণ করে দখলকারীদের খাস জমির দখল ছেড়ে দিতে বার বার লিখিত ও মৌখিক নির্দেশ দেওয়ার পরও তারা দখল ছাড়েনি। ওই অবস্থায় জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের নির্দেশে মঙ্গলবার পরিচালিত হয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান।
























