স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের কোর্ট ইন্সপেক্টর মোঃ বদিউজ্জামান (৫৮) ৫ ডিসেম্বর মঙ্গলবার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জেলা সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহে……রাজেউন)। তিনি স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলেসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তিনি প্রায় এক বছর যাবত কোর্ট ইন্সপেক্টরের দায়িত্ব পালনকালীন সময়ে শহরের শহীদ বুলবুল সড়কের হোটেল ফ্রিডমে থাকতেন। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ওই হোটেলে অসুস্থ্য হয়ে পড়লে তাকে দ্রুত জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। এরপর রাত পৌণে ১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বুধবার সকালে পুলিশ লাইন্স মাঠে মরহুমের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। ওইসময় সদ্য এডিশনাল ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়া পুলিশ সুপার রফিকুল হাসান গণি, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এমকে মুরাদুজ্জামানসহ পুলিশ বিভাগের অন্যান্য কর্মকর্তা-সদস্যসহ বিভিন্ন বিভাগের লোকজন শরিক হন। পরে মরহুমের লাশ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় পাঠানো হয় এবং সেখানে তার গ্রামের বাড়িতে দ্বিতীয় নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। তিনি ১৯৮৪ সনে এসআই হিসেবে পুলিশ বিভাগে যোগদান করেন। পুলিশের একজন দক্ষ ও সদালাপী সিনিয়র ইন্সপেক্টর হওয়ায় বদিউজ্জামান এএসপি হিসেবে প্রমোশনের জন্য অপেক্ষমাণ ছিলেন।
তার মৃত্যুতে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি ও শেরপুরের জেলা ও দায়রা জজ মোঃ আওলাদ হোসেন ভূইয়া গভীর শোক প্রকাশ করেছেন।
























