স্টাফ রিপোর্টার ॥ বয়সের ৬০ বছর পেরিয়ে ৬১-তে পা রেখেছেন জাতীয় সংসদের হুইপ, শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক। ১ ডিসেম্বর শুক্রবার তার ছিল ৬০তম জন্মদিন। ১৯৫৭ সালের ওই দিনে তিনি শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের তৎকালীন প্রত্যন্ত পল্লী বারঘরিয়া গ্রামের এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন।
এদিকে শুক্রবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের চকবাজারস্থ কার্যালয়ে কেক কেটে হুইপ আতিউর রহমান আতিকের ৬০তম জন্মদিন পালন করেছেন দলীয় নেতা-কর্মীরা। ওইসময় শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিনহাজ উদ্দিন মিনাল, যুব বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ, বন ও পরিবেশ সম্পাদক রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, শিক্ষা বিষয়ক সম্পাদক শামীম হোসেন, উপ-প্রচার সম্পাদক বেলাল হোসেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও ছাত্রলীগ নেতা আব্দুল মতিনসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী শরিক হন।
সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত : অষ্টম শ্রেণির শিক্ষার্থী থাকা অবস্থায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মহান মুক্তিযুদ্ধ শুরু হলে দেশমাতৃকার টানে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনিই শেরপুরের কনিষ্ঠ মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ থেকে ফিরে আসার পর থেকে সরাসরি আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন। পরবর্তীতে তিনি জিয়াউর রহমানের শাসনকালের প্রথম দিকে শেরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। এরপর দেশে অনুষ্ঠিত প্রথমবারের উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়ে পরাজিত হলেও পরের নির্বাচনে সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ আব্দুর রহিম চৌধুরী ওরফে সুরুজ চৌধুরী ও মোঃ ইলিয়াস উদ্দিনকে বিপুল ভোটে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। তারপর থেকে তাকে আর পরাজয় স্পর্শ করেনি। ১৯৯৬ এর জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে দলের সিনিয়র ৩ নেতাকে বাদ দিয়ে তাকে মনোনয়ন দিলে প্রথম দফাতেই তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। সেই থেকে ২০১৪ সালের ৫ জানুয়ারি পর্যন্ত টানা ৪ নির্বাচনেই তিনি বিপুল ভোটাধিক্যে নির্বাচিত হয়ে আসছেন। ওই ৪ নির্বাচনের মধ্যে শেষের দফার নির্বাচন ব্যতীত অন্য ৩ টি নির্বাচনেই জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা, যুদ্ধাপরাধের দায়ে ফাসি হওয়া কামারুজ্জামানের মুখোমুখি হন। বিশেষ করে ওইসব নির্বাচনে তিনি কখনও সাবেক ফার্স্টলেডি বেগম রৌশন এরশাদ, কখনও ৩ বারের সাবেক এমপি শাহ রফিকুল বারী চৌধুরীকে পরাভূত করে রেকর্ড গড়েন।
ছাত্র রাজনীতির ধারাবাহিকতায় তিনি সরাসরি মূল দলে প্রবেশ করেন। সেইসূত্রে একাধিকবার তিনি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তীতে একসময় তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়ে অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমসংখ্যক ভোট পেয়ে কেন্দ্রীয় নেতার কাস্টিং ভোটে সাধারণ সম্পাদক হতে না পারলেও পরবর্তী সম্মেলনেই তিনি কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। বর্তমানে তিনি দ্বিতীয় দফায় জেলা আওয়ামী লীগের দায়িত্ব পালন করছেন। স্থানীয় পর্যায়ে দলের মূল নেতৃত্বের কারণে দলে প্রবীণদের পাশাপাশি অনেক তরুণ ও নবীনদের আগমন ঘটেছে। মৃদু বিতর্ক থাকলেও তার সময়ে দলের নেতৃত্বে এসেছে গতিশীলতা। এদিকে চতুর্থ দফায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তিনি প্রতিমন্ত্রীর মর্যাদায় জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ মনোনীত হন। শেখ হাসিনার নেতৃত্বাধীন তৃতীয় দফা সরকারের প্রতিটি সময়েই তিনি সংসদ সদস্য হিসেবে থাকায় শেরপুরের উন্নয়নে ব্যাপক অবদান রেখে যাচ্ছেন।
ব্যক্তিগত জীবনে তিনি ৩ কন্যা সন্তানের জনক। তার স্ত্রী ইসরাত জাহান শান্তা একজন স্কুলশিক্ষিকা। ৩ মেয়ের মধ্যে বড় মেয়ে অমি পেশায় চিকিৎসক ও বিএমএ’র কেন্দ্রীয় নির্বাহী সদস্য, দ্বিতীয় মেয়ে অনি কলেজশিক্ষার্থী ও কনিষ্ঠ মেয়ে অপি স্কুলশিক্ষার্থী।

প্রত্যন্ত অঞ্চলের কৃষক পরিবার থেকে উঠে আসা আতিক জনসেবা, উন্নয়ন আর দলে নিরবচ্ছিন্নভাবে কাজ করে তিলে তিলে এক মহিরূহের মতো গড়ে উঠেছেন। আগামী নির্বাচনেও অংশ নিয়ে বিজয়ী হয়ে সরকার বা রাষ্ট্রের আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ পাবেন- এমনটা সচেতন মহল আর দলের অনেকেই পোষণ করলেও সাম্প্রতিককালে ‘বিদ্রোহী বলয়’ বলে গড়ে উঠা দলের একটি অংশের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে তাকে।
বিভিন্ন মহলের শুভেচ্ছা : ৬১ বছরে পা দেওয়ায় হুইপ আতিউর রহমান আতিককে শুভেচ্ছা জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম রিয়াজুল হাসান, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল ইসলাম হীরু, চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ মাছুদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, জেলা মানবাধিকার কমিশনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, জেলা রেড ক্রিসেন্টের ভাইস-চেয়ারম্যান খন্দকার নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফখরুল মজিদ খোকন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা বিএমএ সভাপতি ডাঃ এমএ বারেক তোতা, জেলা ইউপি চেয়ারম্যান ফোরামের সভাপতি রফিকুল ইসলাম, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কোহিনুর বেগম বিদ্যুৎ প্রমুখ। সেইসাথে তারা হুইপ আতিকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুসহ সাফল্য কামনা করেছেন।
























