স্টাফ রিপোর্টার ॥ যৌন হয়রানী, ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সেইসব ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তসহ দ্রুত বিচারের দাবিতে শেরপুরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ অন্যান্য দপ্তরে স্মারকলিপি পেশ করেছে মহিলা পরিষদ। ৩০ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে জেলা মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা আঞ্জুমান যুথী ও সাংগঠনিক সম্পাদক আইরিন পারভীনের নেতৃত্বে প্রথমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করা হয়। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম ওই স্মারকলিপি গ্রহণ করেন। ওইসময় জেলা মহিলা পরিষদের কোষাধ্যক্ষ, সাবেক কাউন্সিলর নিরু শামছুন্নাহার নীরা ও সমাজকল্যাণ সম্পাদক রৌশন আরা উপস্থিত ছিলেন। পরে মহিলা পরিষদ নেতৃবৃন্দ পুলিশ সুপার বরাবর স্মারকলিপি পেশ করতে গেলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম তা গ্রহণ করেন। ওইসময় সহকারী পুলিশ সুপার মিথুন সরকার উপস্থিত ছিলেন। পরে তারা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি পেশ করতে গেলে সদর এসি (ল্যাণ্ড) নিলুফা আক্তার তা গ্রহণ করেন। একইভাবে তারা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলামের হাতেও ওই স্মারকলিপি তুলে দেন।
এ ব্যাপারে জেলা মহিলা পরিষদের সভানেত্রী জয়শ্রী দাস লক্ষ্মী জানান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, গণপরিবহন, পরিবার ও জন-জীবনের সকল ক্ষেত্রে নারী ও কন্যার প্রতি যৌন নিপীড়ন, ধর্ষণসহ হত্যার মত ঘটনা প্রতিনিয়তই ঘটছে। ওইসব ঘটনার প্রতিবাদ করায় পিতা-মাতা, অভিভাবক, শিক্ষক ও বন্ধুরাও নানা ধরনের সহিংসতার শিকার হচ্ছে। এসব নারী ও কন্যা শিশুর বিকাশের পথ বাধাগ্রস্ত করছে। যা মানবাধিকারেরও লঙ্ঘন। অন্যদিকে ওইসব ঘটনার বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতাসহ বিভিন্ন কারণে বেশিরভাগ ক্ষেত্রে মামলার আসামীরা পার পেয়ে যাচ্ছে। যে কারণে নতুন নতুন অপরাধের ঘটনাও ঘটছে। তাই জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ক্ষেত্রে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে নারী ও কন্যাশিশুর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য মহিলা পরিষদ দেশব্যাপী কাজ করছে।
























