নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে পিইসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শরিফুল আলম নামে এক যুবককে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। ১৯ নভেম্বর রবিবার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান ওই দণ্ড প্রদান করেন। শরিফুল উপজেলার গোজাকুড়া গ্রামের মতিউর রহমানের ছেলে। বিকেলে দণ্ডিত শরিফুলকে সাজা পরোয়ানামূলে জেলা কারাগারে পাঠানো হয়।
জানা যায়, রবিবার পিইসি পরীক্ষা শুরুর পরপরই উপজেলার ফকিরপাড়া কেন্দ্রের আশপাশে সন্দেহজনক অবস্থায় শরিফুল আলম ঘোরাফেরা করছিল। ওইসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান বিষয়টি দেখে তাকে ডেকে পাঠান এবং তার ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করেন। ওইসময় শরিফুলের ফোনে পরীক্ষার হুবহু প্রশ্নপত্র পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদে শরিফুল জানায়, সে তার ছোট ভাই ওই কেন্দ্রের পরীক্ষার্থীর জন্য প্রশ্নপত্র ফাঁস করে।























