শেরপুরে নব্য জেএমবি সদস্য কাশেমের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

খবর টি পড়েছেন : ১৬১
শেরপুরে নব্য জেএমবি সদস্য কাশেমের ৫ দিনের রিমান্ড মঞ্জুর
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নকলায় বিস্ফোরক তৈরীর বিপুল পরিমাণ রাসায়নিক পদার্থ উদ্ধারের মামলায় গ্রেফতারকৃত প্রধান আসামী নব্য জেএমবি সদস্য আবুল কাশেম ওরফে আবু মোসাবের (২২) ৫ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ২৩ অক্টোবর সোমবার বিকেলে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ কঠোর নিরাপত্তায় গ্রেফতারকৃত আবুল কাশেমকে আদালতে সোপর্দ করা হলে উভয় পক্ষের শুনানী শেষে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মমিনুল ইসলাম। এর পরপরই তদন্ত কর্মকর্তা কাশেমকে জিজ্ঞাসাবাদের জন্য নিজ হেফাজতে নেন। কোর্ট ইন্সপেক্টর মোঃ বদিউজ্জামান ওই তথ্য নিশ্চিত করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আমিনুর রহমান জানান, নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের হুজুরীকান্দা গ্রামের মৃত ছাফিল উদ্দিনের ছেলে ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আবুল কাশেম ওরফে আবু মোসাবকে গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে প্রযুক্তিগত সহায়তায় অভিযান চালিয়ে রবিবার দুপুরে টাঙ্গাইলের কালিহাতী থানার এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। সে নব্য জেএমবির সক্রিয় সদস্য এবং তার সাংগঠনিক নাম আবু মোসাব। তাকে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তাকে কে বা কারা বিস্ফোরক তৈরীর রাসায়নিক তরল পদার্থ মজুদ রাখতে দিয়েছিল এবং মজুদের পেছনে কি উদ্দেশ্য ছিল তাসহ গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, ৫ অক্টোবর রাতে নকলা উপজেলার চন্দ্রকোনা বাজারে জঙ্গিদের বিস্ফোরক তৈরির রাসায়নিক পদার্থের গোডাউনের সন্ধান এবং ওই গোডাউন থেকে নাইট্রিক এসিড, সালফারিক এসিড, ক্লোরোফর্ম ও ডাইক্লোমেথিনসহ বিস্ফোরক তৈরির প্রায় ৬শ লিটারের বিপুল পরিমাণ রাসায়নিক তরল পদার্থ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় শনিবার নকলা থানায় গোডাউনের ভাড়াটে আবুল কাশেম (২২) ও ফয়েজ উদ্দিন (৩৩) এবং মালিক মিনারা বেগম (৩২)সহ স্বনামে ৩ জন ও অজ্ঞাতনামা বেশ কয়েকজন জঙ্গীকে আসামী করে ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৪/৫/৬ ধারায় একটি মামলা রেকর্ড হয়। ওই মামলার সাথে সাথেই গোডাউনের মালিক মিনারা বেগম ও প্রথম ভাড়াটে ফয়েজ উদ্দিন গ্রেফতার হলেও এতদিন পলাতক ছিল প্রধান আসামী আবুল কাশেম।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে কিশোরী অপহরণ-ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন পরবর্তী সংবাদ শেরপুরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads